ঘরে বসেই বাড়তি আয় করছেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিন্দী গ্রামের শতাধিক পরিবারের নারী সদস্যরা শাড়ি, থ্রিপিস ও ওড়নায় পুঁতি বসানোর কাজ করে বাড়তি টাকা আয় করছেন। সূচিশিল্পের ছোঁয়ায় ধীরে ধীরে বদলে যাচ্ছে গ্রামের অবহেলিত নারীদের জীবন।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের নরিন্দী গ্রামে ধুমসে পুঁতির কাজ চলছে। গৃহবধূ শাহিদা বেগম ঘরে বসে শাড়িতে পাথর, চুমকি, জরি বসানোর কাজ করছেন। পড়ালেখার ফাঁকে মেয়ে শাহিনুরও তার মাকে এ কাজে সহযোগিতা করছে। এভাবে তাঁদের পরিবারে সচ্ছলতা এসেছে। সূচিশিল্পের কাজ করে নরিন্দী ছাড়াও ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে নারীরা পরিবারে সচ্ছলতা এনেছেন। শাহিদা চার বছর ধরে পুঁতির কাজ করছেন।
পুঁতির কারিগর সাবিনা সুলতানা বলেন, ‘আমার চার ছেলেমেয়ে। সবাই পড়ালেখা করে। আগে অভাব থাকলেও অহন সংসারে সচ্ছলতা আইছে। একটা সময় অনেক কষ্টে সংসার চললেও আমার সংসারে অহন অভাব নাই।’ তিনি বলেন, তাঁর স্বামী রূপগঞ্জের গাউছিয়া থেকে কাপড় কিনে নিয়ে আসেন। তাতে সপ্তাহজুড়ে তিনি ও পাঁচজন কারিগর মিলে হরেক রকমের নকশায় পুঁিতর কাজ করেন। পরে দেশের বিভিন্ন শপিংমলে পাইকারিতে এগুলো বিক্রি করেন। সামনে ঈদুল ফিতর থাকায় কাজের চাপ এখন বেশি। একজন নারী দৈনিক ১০ থেকে ১৫টি থ্রিপিসে পুঁিত বসাতে পারেন। এভাবে একজন নারী দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা উপার্জন করে থাকেন।
নরিন্দী গ্রামে ঢুকতেই চোখে পড়ে নানা বয়সের নারীরা থ্রিপিস, শাড়ি, লেহেঙ্গায় কারুকাজ করছেন। দেখা গেছে, কেউ পুঁতি সাজিয়ে দিচ্ছেন। কেউ কাপড়ে পেনসিল দিয়ে নকশা এঁকে দিচ্ছেন। কেউ বিশেষ আঠা দিয়ে পুঁিত কাপড়ে বসাচ্ছেন।
পুঁতির কারিগর রিতা বলেন, একটি শাড়ির কাজ শেষ করতে পাঁচ-ছয় দিন লাগে। প্রতিটি শাড়িতে তাঁরা ৫০০ টাকা করে পারিশ্রমিক পান। এভাবে স্থানীয় শতাধিক নারী সূচিশিল্পে কাজ করে স্বাবলম্বী। ঈদ সামনে রেখে এখন তাঁদের ব্যস্ততা অনেক বেশি। এ এলাকার যে মেয়েদের অন্য এলাকায় বিয়ে হয়েছে, ঈদের সময় তাঁরাও এখানে এসে শাড়িতে পুঁতির কাজ করে বাড়তি আয় করছেন। এসব শাড়ি ঢাকার বেনারসিপল্লিসহ বিভিন্ন জায়গায় বিক্রি হয়। তিনি আরও বলেন, স্বামীর আয়ের ওপর তাঁদের নির্ভর করতে হলেও বর্তমানে তাঁরা নিজেরাই পুঁিতর কাজ করে বাড়তি আয় করছেন। একটা সময় ছিল গৃহস্থালি কাজের বাইরে তাঁদের তেমন কোনো কাজ ছিল না। অনেকটা অলস সময় কাটাতে হতো তাঁদের। কিন্তু এখন কাজের ব্যস্ততায় যেন তাঁদের নাওয়া-খাওয়ার সময় নেই। স্বামীর আয়-রোজগারের পাশাপাশি গৃহবধূরা সংসারের আর্থিক সমস্যার সমাধান করছেন। পাশাপাশি শিক্ষিত করে তুলছেন তাঁদের ছেলেমেয়েদের। এ শিল্পকে তাঁরা জীবিকা নির্বাহের একমাত্র চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। সংসারের খরচ শেষে তাঁরা ভবিষ্যতের জন্য সঞ্চয়ও করছেন।
পাইকারি বিক্রেতা আলমগীর বলেন, বিভিন্ন গ্রাম ঘুরে পুঁতি বসানো থ্রিপিস, ওড়না, শাড়ি তিনি পাইকারিতে কিনে দেশের বিভিন্ন স্থানের বড় বড় মার্কেটে বিক্রি করছেন। তিনি ১০ বছর ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তিনি বলেন, মান ও প্রকারভেদে একটি থ্রিপিসের খরচ পড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। একেকটি বিক্রি হয় ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকায়।