ঘরে বসেই বিমান ও বাসের টিকিট
দিনাজপুরে বিভিন্ন বিমান সংস্থার বিমান ও দূরপাল্লার বাসের টিকিট ঘরে বসেই সংগ্রহ করা যাবে। ‘টুয়েলভ ইভেন্টস টুরস অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি প্রতিষ্ঠান এই হোম ডেলিভারি সুবিধা দেবে।
গতকাল সোমবার দিনাজপুর শহরের শোভাযাত্রা শেষে শহরের কালীতলা এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয়ে সাংবাদিকদের এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
টুয়েলভ ইভেন্টস টুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্সি-প্রধান ইসতিয়াক আহমেদ বলেন, প্রতিষ্ঠানটি তিন বছর ধরে সুনামের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারওয়েজের পিএসএ হিসেবে টিকিট বিক্রির সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এখন থেকে সহজ ডট কমের মাধ্যমে দিনাজপুরে কালীতলা বিমান অফিস ভবনে যাত্রীরা বাস ও বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন।
নাবিল, হানিফ, সোহাগ, এসআর, আগমনীসহ দেশের বিভিন্ন জেলায় টুরিস্ট বাস কোম্পানিগুলো একত্র করে একটি সিস্টেমে আনা হয়েছে। এর ফলে এখন যাত্রীরা একজন ট্রাভেল এজেন্টের কাছ থেকেই বাস, লঞ্চ ও বিমানের টিকিট সংগ্রহ করতে পারবেন।
গতকাল থেকে দিনাজপুর শহরের পুলহাট মোড়ে ‘ফাইয়াজ অ্যান্ড ব্রাদার্স’ ও কাচারি রোড এলাকায় ‘ব্যাবিলন টুরস অ্যান্ড ট্রাভেলস-১’-এর অফিস থেকে টিকিট সংগ্রহ শুরু হয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে দিনাজপুর ও এর আশপাশের উপজেলাগুলোয় সহজ ডট কমের এজেন্সি অফিস করা হবে বলে টুয়েলভ ইভেন্টস টুরস অ্যান্ড ট্রাভেলস সংস্থার কর্মকর্তা জানান।