ঘরে বসেই মিলবে উন্নত স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জটিল রোগে আক্রান্ত হলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রোগীদের আর ঢাকা, রাজশাহী বা বগুড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ছুটতে হবে না। টেলি প্রেসক্রিপশন বা দূর-ব্যবস্থাপত্রের মাধ্যমে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বসেই পাবেন চিকিৎসকের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা। এর মাধ্যমে উপজেলার গরিব রোগীরাও উন্নত চিকিৎসাসেবার আওতায় আসবেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক মাস আগে অনলাইন চিকিৎসাসেবাকেন্দ্র চালুর কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২৯টি অনলাইন চিকিৎসাসেবাকেন্দ্র গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এর একটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হচ্ছে। দূর-ব্যবস্থাপত্র পদ্ধতির এ সেবাকেন্দ্র চালু হলে অনেক রোগের চিকিৎসাসেবা মিলবে। সময় ও টাকা খরচ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য লাইনে দাঁড়িয়ে ঝামেলা পোহাতে হবে না।
সদ্য বদলি হওয়া রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে অনলাইন চিকিৎসাসেবাকেন্দ্র স্থাপনের কাজ শেষ হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক কাজ চলছে। ইতিমধ্যে কেন্দ্র পরিচালনার জন্য একজন টেকনিশিয়ান নিয়োগ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এটি চালু হলে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামের গরিব মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা নিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে বসেও রোগীরা অনলাইন চিকিৎসাকেন্দ্রে সরাসরি যোগাযোগ করে ব্যবস্থাপত্র নিতে পারবেন। এ চিকিৎসাসেবার কথা জনসাধারণকে জানানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ জানান, মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে অনলাইন চিকিৎসাকেন্দ্রটি সর্বোচ্চ কাজ করবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।