
জরুরি কাজে হঠাৎ করেই দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হলো। কিন্তু বাসের টিকিট কাটতে যাওয়ার সময় নেই হাতে। এমন পরিস্থিতিতে অনেকেই যাত্রা বাতিল করেন বাধ্য হয়ে। এ ধরনের বিড়ম্বনা এড়াতে দূরপাল্লার বাসের মোবাইল টিকিটিংয়ের কৌশল উদ্ভাবন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একদল শিক্ষার্থী। এম-টিকিটিং নামের মুঠোফোনের অ্যাপস-নির্ভর এই প্রযুক্তি উদ্ভাবন করে বাংলালিংক গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতার তৃতীয় আসরের শিরোপাও জিতে নেন তাঁরা।
এম-টিকিটিংয়ের কৌশল উদ্ভাবন করা চুয়েটের দলটির নাম ম্যাভারিক। ১৬ ফেব্রুয়ারি ঢাকায় আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পাঁচটি দলকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেন এই দলের সদস্যরা। বিজয়ী দলের সদস্য ছিলেন হাসানুজ্জামান নূর, ফাহিম মাসুদ চৌধুরী ও সাফায়েত আরেফিন। তাঁরা সবাই চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
কয়েক মাস ধরে চলা এ প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২০০টি দল আট হাজার ধারণা জমা দেয়। এর মধ্যে শীর্ষ পাঁচটি দলকে চূড়ান্ত আসরের জন্য বাছাই করা হয়।
ম্যাভেরিক দলের পরিকল্পনা অনুযায়ী, মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সহজেই যেকোনো গন্তব্যের জন্য বাসের টিকিট বুকিং করা যাবে দেশের যেকোনো প্রান্ত থেকে। এ ক্ষেত্রে টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না। কেবল মোবাইলের কি চেপে নিমেষেই কেটে নেওয়া যাবে যেকোনো গন্তব্যের টিকিট। অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা নিজের মোবাইলেই জানতে পারবেন বিভিন্ন বাসের সময়সূচি, কোথায় কোন বাসের কোন আসন খালি, কোন গন্তব্যের ভাড়া কত ইত্যাদি যাবতীয় সব তথ্য। এ জন্য কোনো খুদে বার্তা পাঠানোরও প্রয়োজন হবে না। সরাসরি অ্যাপ্লিকেশনটি ব্যবহারের মাধ্যমেই গ্রাহকেরা এসব সেবা পাবেন।
অ্যাপ্লিকেশনটি চালু করে চাহিদা অনুযায়ী টিকিট বুকিং দিলে গ্রাহকদের একটি ইলেকট্রনিক টিকিট নম্বর দেওয়া হবে। এই নম্বর দিয়ে তিনি যাত্রা শুরুর কিছুক্ষণ আগে কাউন্টার থেকে কাগজের টিকিট সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে টিকিটের মূল্য পরিশোধের জন্য কোনো ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। গ্রাহকের সাধারণ মোবাইল অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে নেওয়া হবে। ফলে অ্যাকাউন্ট খোলার বাড়তি কোনো ঝামেলা নেই। অ্যান্ড্রয়েড, উইন্ডোজসহ জনপ্রিয় সব প্ল্যাটফর্মে গ্রাহকেরা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। বিজয়ী দলের সদস্যরা জানান, বাসের টিকিটের জন্য বিভিন্ন সময় হয়রানি, টিকিট না পাওয়া ও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা থেকেই তাঁদের মাথায় মোবাইল টিকিটিংয়ের ধারণা আসে।
বিজয়ী হিসেবে ম্যাভেরিক দল পেয়েছে দুই লাখ টাকার চেক, চ্যাম্পিয়নশিপ ট্রফি, সার্টিফিকেট এবং প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় আসরের বিজয়ীদের সঙ্গে চীন ভ্রমণের সুযোগ। দলের সদস্যরা জানান, প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত তাঁদের সমর্থন-সহযোগিতা ও প্রেরণা জুগিয়েছেন চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল আলম।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির কথা জানতে চাইলে ম্যাভারিক দলপতি হাসানুজ্জামান নুর বলেন, ‘খুব ভালো লাগছে, তবে ধারণাটির বাস্তব প্রয়োগের মাধ্যমে জনজীবনকে কিছুটা গতিশীল করতে পারলে উদ্যোগটা সার্থক হবে।’