ঘরে-বাইরে দূষিত পানি, ছয় গ্রামবাসীর দুর্ভোগ

রাস্তায় হাঁটুপানি। তা মাড়িয়ে চলে চলাচল। উঠানে পানি, রান্নাঘরে পানি। পানির মধ্যে দাঁড়িয়ে চলে রান্নাবান্না। শোবার ঘরে পানি। খাটের ওপর কোনো রকমে উঠে রাত কাটায় লোকজন।
এ অবস্থা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকার ছয়টি গ্রামের। এক মাস ধরে দূষিত পানিতে সয়লাব হয়ে আছে এ গ্রামগুলো। বৃষ্টি ও কারখানার ময়লা পানি মিলেমিশে একাকার।
স্থানীয় লোকজন বলছেন, নালা না থাকার কারণে প্রতি বর্ষায়ই এখানে জলাবদ্ধতা তৈরি হয়। এ কারণে এখানকার প্রায় ২০ হাজার মানুষ দুর্ভোগে আছে। দুর্গন্ধযুক্ত ময়লা পানি শরীরে লেগে অনেকে নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
ওই ছয়টি গ্রাম হলো সেনপাড়া, কাঁচপুর উত্তরপাড়া, পাঁচপাড়া, রায়েরটেক, খাসপাড়া ও কাঁচপুর দক্ষিণপাড়া।
গ্রামের কয়েকজন বলেন, এ ছয়টি গ্রাম ঘনবসতিপূর্ণ। স্থানীয় বিভিন্ন শিল্পকারখানার অনেক শ্রমিক এখানে বাস করেন। এসব গ্রামের সড়কগুলো দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোনো নালাও তৈরি করা হয়নি। এ কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টি হলে বাড়িঘরের ভেতরে ও সড়কের ওপর হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে। এবারও এক মাস ধরে একই অবস্থা হয়েছে। তবে এত পানির মধ্যেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল বারেক বলেন, ‘এখানকার মানুষের কষ্ট দেখলে ভালো লাগে না। একটি নালা তৈরি ও সড়কগুলো মেরামত করার জন্য চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছি।’
গতকাল শনিবার কাঁচপুর দক্ষিণপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের ভেতরের পাকা সড়কের ওপর হাঁটুপানি জমেছে। এ পানি মাড়িয়ে শিক্ষার্থীসহ লোকজন চলাচল করছে।
কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সিমরান আক্তার বলে, ‘দুর্গন্ধযুক্ত দূষিত পানি মাড়িয়ে চলার কারণে আমাদের বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর পায়ে নানা ধরনের রোগ হয়েছে। সড়কে পানি থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে গেছে।’
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মজুমদার বলেন, ‘জলাবদ্ধতায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের প্রতিষ্ঠানের মাঠেও হাঁটুপানি জমেছে।’
সেনপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, মানুষের ঘরের ভেতরে পানি জমে আছে। দূষিত এসব পানির দুর্গন্ধে মানুষ নাকে হাত দিয়ে খাটের ওপর বসে রয়েছে।
গ্রামটির বাসিন্দা সাদেকুর রহমান বলেন, ‘১৯৯৮ সালের বন্যার সময়ও আমাদের এত কষ্ট হয়নি। দূষিত পানির দুর্গন্ধে এখানে বসবাস করা দুঃসাধ্য হয়ে পড়েছে। অনেক ভাড়াটে বাসা ছেড়ে চলে যাচ্ছে।’
এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ ওমর বলেন, গ্রামগুলোর মানুষ জলাবদ্ধতায় খুব কষ্টের মধ্যে বসবাস করছে। এ এলাকায় নালা ও সড়ক মেরামত করার জন্য স্থানীয় সাংসদকে জানানো হয়েছে।
জানতে চাইলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, কাঁচপুরের গ্রামগুলোয় বর্ষার পর অবশ্যই নালা তৈরি ও সড়ক মেরামত করা হবে। আগামী বছর আর গ্রামবাসীকে কষ্ট করতে হবে না।