রাজধানীর কামরাঙ্গীরচর থেকে গতকাল বৃহস্পতিবার এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া রাজধানীতে আরও তিনজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, কামরাঙ্গীরচরে মো. জুয়েল (২২) নামের এক ব্যক্তির লাশ ঘরের টিনের চালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আর তাঁর স্ত্রী রিক্তার (১৭) লাশ খাট থেকে উদ্ধার করা হয়। তাঁর গলায় দাগ দেখা গেছে, তবে তা ছিল অস্পষ্ট।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির প্রথম আলোকে বলেন, জুয়েল-রিক্তা দম্পতির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফদা গ্রামে। তাঁরা প্রেম করে বিয়ে করেছিলেন। রিক্তা একটি শাড়ির কারখানায় কাজ করতেন। জুয়েল ছিলেন বেকার। মাস দেড়েক আগে ঢাকায় এসে তাঁরা কামরাঙ্গীরচরের রনি মার্কেটের কাছে ‘হানিফের টিনশেড’-এর একটি কক্ষ ভাড়া নেন। ওই বাড়িতে কক্ষ আছে ১২টি।
ওসি বলেন, পাশের বাড়ির একজন ভাড়াটে তাঁদের বলেছেন দিন দুয়েক আগে জুয়েল স্ত্রীকে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি হয়। বৃহস্পতিবার সারা দিন দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাঁরা দরজায় কড়া নাড়েন। সাড়া না পেয়ে পরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে তাঁদের মরে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল সকালে মুগদার উত্তর মানিকনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী বলেন, গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকটির লাশ একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, আমগাছটি তাঁদের বাড়ির সামনে সড়কের পাশে। সকাল সাড়ে সাতটার দিকে তিনি লাশটি গাছে ঝুলে থাকতে দেখেন। সে সময় স্থানীয় বাসিন্দাদের অনেকে সেখানে ছিলেন। তাঁদের কেউই ওই যুবককে চিনতে পারেননি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কলেজে নিয়ে যায়।
মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে কিশলয় উচ্চবিদ্যালয়ের পাশে গাছের সঙ্গে ওই যুবকের লাশ ঝুলছিল। ওই যুবকের পরনে ছিল নীল শার্ট ও জিনস প্যান্ট।
মোহাম্মদপুর থানার এসআই মিজানুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে পল্লবীর সেকশন-১১-এর ছয়তলা থেকে দরজা ভেঙে মো. মইনুদ্দিন (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার এসআই মো. ফুহাদ উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বাসার ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি ফাঁস দিয়েছিলেন।
মইনুদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তিনি মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন।