ঘরে লোকজন রেখেই ভবন ভেঙে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলোনির ওই তিন ভবনের বাসিন্দাদের অনেকেই কী করবেন বুঝতে না পেরে ঘরের জিনিসপত্র এনে মাঠে জড়ো করেন। ছবি: আশরাফুল আলম
কলোনির ওই তিন ভবনের বাসিন্দাদের অনেকেই কী করবেন বুঝতে না পেরে ঘরের জিনিসপত্র এনে মাঠে জড়ো করেন। ছবি: আশরাফুল আলম

সকাল ১০টা। এরই মধ্যে রোকসানা আ​হমেদের স্বামী ও বড় ছেলে ​অফিসে চলে গিয়েছিলেন। মেয়ে বিশ্ববিদ্যালয়ে আর ছোট ছেলে স্কুলে। হঠাৎ​ চিৎ​কার চেঁচামেচি শুনে দোতলার বারান্দায় এসে দেখেন তাঁদের ভবন ভাঙা হচ্ছে। তিনি সেখান থেকে বলতে থাকেন, আমি একা কী করব, মালামাল কীভাবে বের করব, কোথায় যাব? এরপর কয়েকজন শ্রমিক গিয়ে তাঁর বাসা থেকে সবকিছু বের করে রাস্তায় রাখতে শুরু করেন। খবর পেয়ে বাড়ির সদস্যরা ছুটে আসেন। দেখেন তাঁদের বাড়িঘর ভাঙা। সব জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে ছি​টিয়ে আছে।

এ দৃশ্য আজ মঙ্গলবার রাজধানীর আসাদগেট নিউ কলোনির। সকাল ১০টার দিকে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষ কলোনিতে হাজির হয়। তাঁরা চিৎ​কার করে বাসিন্দাদের ঘর থেকে বেরিয়ে আসতে বলেন। অন্যদিকে ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের ​ভবনের ভেতরে ঢুকিয়ে দেন। সেখানে ঘরে লোকজন থাকা অবস্থায় তিনটি ভবন (৯, ১৩ ও ১৫) ভেঙে উচ্ছেদ অভিযান শুরু করে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এ সময় বাসিন্দারা কান্না করে হাতজোড় করে কিছুক্ষণ সময় চান। কিন্তু তা দেওয়া হয়নি।

এই কলোনিতে সাতটি ভবন রয়েছে। বসবাস করেন ১৪৪টি পরিবার। এই পরিবারগুলোর কেউ কেউ না সরকারি চাকরি করতেন। সেই সূত্রে এই ফ্ল্যাটগুলো সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া। এখন সরকার এখানে নতুন ভবন করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে এখান বর্তমান বাসিন্দাদের নতুন ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন বাসিন্দাদের একটি অংশ। তাঁরা এ নিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। 

ভাঙা হচ্ছে ভবনের বারান্দা। ছবি: আশরাফুল আলম
ভাঙা হচ্ছে ভবনের বারান্দা। ছবি: আশরাফুল আলম

ওই তিন ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, নিউ কলোনি সোসাইটি ভবন ভাঙার বিষয়ে স্থগিতাদেশ আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে ১৮ জানুয়ারি (গতকাল) শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি পিছিয়ে ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে সকাল থেকে ভবন ভাঙতে শুরু করে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, উচ্ছেদ করতে আইনানুগ কোনো বাধা নেই। কাগজপত্রে উচ্ছেদে বাধা থাকলে এভাবে উচ্ছেদ করা হতো না। ​এখানে দুজন ম্যাজিস্ট্রেট উপ​স্থিত আছেন। তাঁদের নির্দেশেই সব ধরনের আইন মেনে উচ্ছেদ করা হচ্ছে। সর্বশেষ গতকাল রাতেও মাইকিং করে বাসিন্দাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল।

কয়েকজন বাসিন্দার অভিযোগ, ভাঙার কাজে পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। মূল ভূমিকা পালন করছে সন্ত্রাসী বাহিনী। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানের সহযোগী বাদশা, মনির, রিন্টু, উজ্জ্বলের নেতৃত্বে সন্ত্রাসীরা শ্রমিকদের সঙ্গে গিয়ে ভাঙচুরে নেতৃত্ব দেয়। তারা বাড়িতে থাকা অনেক নারীকে মারধর করেছে।

শ্রমিকেরা ভাঙছেন ভবনের প্রবেশ ফটক। ছবি: আশরাফুল আলম
শ্রমিকেরা ভাঙছেন ভবনের প্রবেশ ফটক। ছবি: আশরাফুল আলম

নাম না প্রকাশের শর্তে এক নারী বাসিন্দা বলেন, বাদশার নেতৃত্বে এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী নারীদের মারধর করে। বলে এখুনি ঘর থেকে বেরিয়ে যেতে।

সেখানে উপস্থিত বাদশার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা বলে পরিচয় দেন। এরপর তিনি সাংবাদিকদের এড়িয়ে চলে যান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন বলেন, এখানে বহিরাগত কেউ নেই। কোনো সন্ত্রাসী নেই। তবে বেলা তিনটার দিকে বাদশাকে রড হাতে দলবল নিয়ে সেখানে ঘুরতে দেখা যায়। ওই সময় এক ব্যক্তি তাঁর জানালার গ্রিল নিয়ে যেতে চাইলে বাদশা বাধা দেয়।

উচ্ছেদ অভিযানের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না বাসিন্দারা। তাই চোখের সামনে নিজের ঘর ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ছবি: আশরাফুল আলম
উচ্ছেদ অভিযানের জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না বাসিন্দারা। তাই চোখের সামনে নিজের ঘর ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। ছবি: আশরাফুল আলম

বেলা যখন তিনটা, তখনো ওই তিন ভবনের মূল ফটক, দরজা-জানালা ভাঙার কাজ চলছিল। প্রথমে ৯ নম্বর এরপর ১৩ ও ১৫ নম্বর ভবন ভাঙার কাজ শুরু হয়। এ সময় ওই তিন ভবনের বাসিন্দারা ঘরের জিনিসপত্র মালামাল বের করে রাস্তার ওপর, কলোনি মাঠে, গ্যারেজে জড়ো করেন। অনেককে আবার ট্রাক ভাড়া করে এনে মালপত্র আত্মীয়স্বজনের বাসায় নিয়ে যেতে দেখা যায়।

১৫ নম্বর ভবনের ১৩ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা শহীদুল হায়দার বলেন, ‘৮০ বছরের বৃদ্ধ মা ও স্ত্রী বাসায় ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ভাঙতে শুরু করে। ২১ তারিখে শুনানি ছিল। যেটা রায় হতো সেটা মেনে নিতাম। তারা কোনো সঠিক কাগজ দেখাতে পারেনি। কোথায় থাকব জানি না।’