ঘরে স্বামী, তবু তাঁরা বিধবা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিজিডি, বিধবা ও বয়স্কভাতা নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবাভাতার কার্ড করা, প্রকৃত দুস্থদের নাম ব্যবহার করে পরিবারের সদস্যদের নামে ভিজিডি কার্ড করে সুবিধা আদায়ের অভিযোগ উঠেছে ওই ইউপির এক নারী সদস্যের বিরুদ্ধে।এ নিয়ে জলেহা খাতুন নামে এক নারী গত বৃহস্পতিবার নান্দাইল থানায় অভিযোগ দিলে পুলিশ এখন ঘটনাটির তদন্ত করছে।অভিযোগ সূত্রে জানা যায়, রাজগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মস্তু মিয়ার স্ত্রী জলেহা খাতুনের নামে বছর দেড়েক আগে ভিজিডি কার্ড করেন (কার্ড নম্বর ০৯১) ওই ওয়ার্ডের ইউপি সদস্য তহশীলা বেগম। গত ২৭ এপ্রিল ভিজিডির বরাদ্দ বিতরণকালে স্থানীয় যুবক বকুল মিয়া কার্ডের নামের সঙ্গে ছবির মিল না থাকায় বিষয়টি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানান। পরে খোঁজ নিয়ে জানা যায়, কার্ডে নাম রয়েছে জলেহার, আর ছবিটি ইউপি সদস্য তহশীলা বেগমের ছেলে জিয়াউর রহমানের স্ত্রী রুনা আক্তারের। ইতিমধ্যে ওই কার্ডে ১৩টি কিস্তির প্রায় ৩৯০ কেজি চাল তুলে নেওয়া হয়েছে। পরে কার্ডের প্রকৃত মালিক জলেহা খাতুনকে খুঁজে বের করে বরাদ্দকৃত মালামাল তাঁর হাতে তুলে দেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।অনুসন্ধানে জানা গেছে, ইউপি সদস্য তহশীলা বেগম তাঁর প্রতিবেশী নারীদের স্বামীকে মৃত দেখিয়ে বিধবাভাতার একাধিক কার্ড করে দিয়েছেন। ওই সব কার্ডের বিপরীতে পাওয়া সরকারি সহায়তার বেশির ভাগ তহশীলা নিজে রেখে দেন। এমনকি কার্ডগুলোও নিজের কাছে রেখে দেন তিনি।ওই ওয়ার্ডের বড়াইল গ্রামের গৃহবধূ সাজে বানুর (৫৫) স্বামী মো. উসেন (৬৫) জীবিত। অথচ সাজে বানুর বিধবাভাতার কার্ড রয়েছে। মো. উসেন বলেন, ‘আমি অচল মানুষ, ছেলেপেলেরাও খাওন দেয় না। তাই এই সুবিধাটি আমরা নিতাছি।’ আপনার স্ত্রী কত টাকা পান—এমন প্রশ্নের জবাবে মো. উসেন বলেন, ‘মেম্বার আমাদের কিছু দেয়, কিছু নিয়া যায়।’একই গ্রামের হারুনা খাতুনের (৪০) স্বামী মো. আজিম উদ্দিন জীবিত আছেন। তিনিও পেয়েছেন বিধবাভাতার কার্ড (কার্ড নম্বর ৯১০)। হারুনা বেগম জানান, এটি তাঁর দ্বিতীয় বিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় তিন বছর হয়েছে তিনি বিয়ে করেছেন। বিয়ের পরপরই তিনি কার্ড পেয়েছেন। এ বিষয়ে ইউপি সদস্য তহশীলা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জলেহা খাতুন তাঁর ছেলের বউ রুনার কাছে কার্ডটি বিক্রি করেছেন। রুনা বেগমও দাবি করেন, তিন হাজার টাকার বিনিময়ে কার্ডটি তিনি জলেহা খাতুনের কাছ থেকে কিনেছেন।কিন্তু জলেহা খাতুন বলেন, ‘আমার নামে কার্ড হয়েছে—এ কথা কেউ আমাকে জানায়নি। তাই কার্ড বিক্রি করে দেওয়ার প্রশ্নই আসে না।’ তিনি অভিযোগ করেন, ঘটনা ধামাচাপা দিতে গত ২৯ এপ্রিল তাঁকে মারধর করা হয়েছে। এখন ভয় দেখানো হচ্ছে। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে বিধবা কার্ড করে দেওয়া প্রসঙ্গে ইউপি সদস্য তহশীলা বেগম জানান, ‘আমি দুইবার মেম্বার হয়েছি। আমার অনেক শত্রু। তারা আমারে বিপদে ফেলতে চাইছে। এসব আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা। কারও কার্ড আমার হেফাজতে থাকে না।’রাজগাতী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, ‘এসব অভিযোগের বিষয়ে আলোচনার জন্য আমরা ইউনিয়ন পরিষদে সবাই বসে পরবর্তী সিদ্ধান্ত নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া পারভীন জানান, তিনি এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।