ঘরেই নেই আলো ঈদ আসবে কীভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের সামনে নবতিপর  মালেকা বানু
ঘরের সামনে নবতিপর মালেকা বানু

মুখের বলিরেখায় বয়স অনুমান করা যায় মালেকা বানুর। তাঁর বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে কষ্টও। তাঁর থাকার জায়গা বলতে গোয়ালের মতো ছোট্ট একটি ঘর। সেই ঘরে একা থাকছেন দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে।

নবতিপর মালেকা বানু থাকেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি গ্রামে। তাঁর স্বামী গ্রামের মৃত গোলাপ জব্বার।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মালেকার বাড়িতে গিয়ে দেখা যায়, মাটির তৈরি ওই ঘরের টিন একেবারে কালচে হয়ে গেছে। চালের বয়সও যেন মালেকার চেয়ে কম নয়। ঘরের দরজাতেই বসে আছেন মালেকা। ঘোলাটে চোখ দুটোর দৃষ্টি অনেকটাই ঝাপসা। এই প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে চোখ বড় বড় করে দেখতে চাইলেন। তবে চোখের সেই ক্ষমতা যে নেই তা বুঝতে সময় লাগেনি। তবে পরিচয় নিশ্চিত হয়ে বসতে বললেন।

কাঁপা কাঁপা কণ্ঠে মালেকা বলেন, ‘খুব খুশি হইলাম বাজান, কেউ তো খবর নিতে আসে না। এক ছেলে ছিল, সেও অনেক দূরে পড়ে আছে।’ তিনি বলেন, স্বামী মারা গেছে বহু বছর আগে। ছয় সন্তানের পাঁচজনই মারা গেছে। এক সন্তান বেঁচে আছেন। তবে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই। স্থানীয় ইদ্রিস মুন্সী নামের এক ব্যক্তির জমির এককোণে তাঁর ঘর। আগে বাড়ি বাড়ি ভিক্ষা করতেন। বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়ায় এখন ভিক্ষাও করতে পারেন না। অনাহারে-অর্ধাহারে কাটে তাঁর বেশির ভাগ সময়। অধিকাংশ রাতে তেলের অভাবে তাঁর ঘরে আলো পর্যন্ত জ্বলে না।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল মালেকার বাড়িতে গিয়ে অর্থ সহায়তা দেন। ওই সময় তিনি মালেকার জন্য উপজেলা প্রশাসনের খরচে একটি বাড়ি করে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ঘোষণার এক বছর পেরিয়ে গেলেও তার বস্তবায়ন হয়নি। ৯৫ বছর বয়সেও বয়স্কভাতা জোটেনি তাঁর।

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক বাদল সরকার প্রথম আলোকে বলেন, দ্রুত সময়ের মধ্যে ওই বৃদ্ধ নারীর জন্য বয়স্কভাতার কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।

বর্তমান ইউএনও রেহেনা আকতার বলেছেন, বয়স্ক এই নারীর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সব সুবিধা নিশ্চিত করা হবে।