ঘরের আড়ায় দুই শিশু ও নারীর ঝুলন্ত লাশ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পৃথক এলাকা থেকে গত শনিবার ও গতকাল রোববার পুলিশ দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে।নিহতরা হলো উপজেলার কুশদি এলাকার মৃত আসাদ মিয়ার মেয়ে মিলি আক্তার (১৩), ভেড়ারচালা গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার (৯) ও কাপাসিয়া সদরের হারুন মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২০)।পুলিশ ও নিহতদের পারিবার জানায়, বারিষাবহ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মিলি আক্তারের লাশ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করে পুলিশ। বারিষাবহ ইউনিয়নের কুশদি (শিববাড়ী) এলাকার মমতাজ উদ্দিনের বাড়িতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মমতাজ উদ্দিন মেয়েটির দুলাভাই। ব্রাহ্মণবাড়িয়ার মৃত আসাদ মিয়ার মেয়ে মিলি দুলাভাইয়ের বাড়িতে থেকে লেখাপড়া করত। ঘটনার রাতে বড় বোন তাকে লেখাপড়া নিয়ে বকাবকি করেছিল বলে জানা গেছে।উপজেলা শহরের হোসেন মোল্লার বাড়ির ভাড়াটে গাড়িচালক হারুন মিয়ার ঘর থেকে গত শনিবার রাতে ভাড়াটের স্ত্রী শাহিদা আক্তারের লাশ উদ্ধার করা হয়। রাত সাড়ে নয়টার দিকে কাজ থেকে বাড়ি ফিরে হারুন মিয়া ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।একই রাতে পুলিশ কাপাসিয়া উপজেলার ভেড়ারচালা এলাকা থেকে স্থানীয় গাওড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ও ভেড়ারচালা গ্রামের রমিজ উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে। নিজ ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।কাপাসিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নায়েবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।শীতলক্ষ্যা থেকে লাশ উদ্ধার: মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে শাহ সিমেন্ট কারখানার কাছে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।এলাকাবাসী গতকাল রোববার বেলা ১১টার দিকে লাশটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর পরিচয় পাওয়া যায়নি।