ঘরের ওপর বিদ্যুৎ লাইন, তারে জড়িয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্মাণাধীন ঘরের দেয়ালে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল সোমবার এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর দাবি, বিদ্যুতের ওই লাইনটি নিচু। এর আগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে লাইনটি সরিয়ে নেওয়ার আবেদন করা হলেও তা করা হয়নি।
ওই শিশুর নাম মো. এমদাদুল হক (১২)। সে মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামে খালু গোলাম মোস্তফার বাড়িতে থাকত। তার বাবার বাড়ি জামালপুরে।
গোলাম মোস্তফা বলেন, বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে তাঁর ভাগনেকে লাশ হতে হয়েছে।
এমদাদুলের খালাতো বোন জুয়েনা বলেন, তাঁর বড় ভাই ইসমাইল হোসেন বাড়িতে একটি আধপাকা ঘর নির্মাণ করছেন। কিন্তু বিদ্যুতের নিচু লাইনের কারণে কাজ শেষ করতে পারেননি। তার সরানোর জন্য তাঁর ভাই ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-আঞ্চলিক কার্যালয়ে আবেদন করেন। কিন্তু তার সরানো হয়নি। গতকাল সকাল আটটার দিকে নির্মাণাধীন ঘরটির দেয়ালে উঠলে এমদাদুলের গলায় বিদ্যুৎ লাইনের তারের স্পর্শ লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গ্রামটির ২৫ জন বাসিন্দা বলেন, এলাকার প্রায় ৫০০ মিটার বিদ্যুতের লাইন নিচু ও ঝুঁকিপূর্ণ। এ লাইনের তার একাধিকবার ছিঁড়ে মাটিতে পড়েছে। বিদ্যুৎ কার্যালয়ে জানানো হলেও লাইনটি উঁচু করা বা প্লাস্টিক দিয়ে আবৃত করা হয়নি।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. গোলজার হোসেন প্রথম আলোকে বলেন, ওই লাইনটি ভূমি থেকে ১৫ ফুট উঁচু। এগুলো আগের লাইন। বছরের পর বছর মাটি ভরাটের কারণে ভূমি উঁচু হয়ে যাওয়ায় লাইনটি নিচু হয়ে গেছে। এখনকার লাইনগুলো ৩৫ ফুট উচ্চতায় স্থাপন করা হয়। তবে লাইন সরানোর জন্য কেউ আবেদন করেননি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান প্রথম আলোকে গতকাল বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে।