ঘরের কাজে কাটে বেশির ভাগ সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়েরবাজারের মেকাব খান সড়কের বস্তির বাসিন্দা শিশু​ রোখসানা। দিনের বেশির ভাগ সময় তার কাটে সংসারের কাজ করে l প্রথম আলো
রায়েরবাজারের মেকাব খান সড়কের বস্তির বাসিন্দা শিশু​ রোখসানা। দিনের বেশির ভাগ সময় তার কাটে সংসারের কাজ করে l প্রথম আলো

রোখসানার বয়স নয়। ঘুম থেকে উঠে বিছানা গোছানো দিয়ে ওর দিন শুরু হয়। মা-দাদির সঙ্গে ঘরের অনেক কাজই করে। এক ফাঁকে স্কুলেও যায়। এক বছরের ছোট একটি ভাই আছে তার। তবে ভাইকে ঘরের কোনো কাজ করতে হয় না।
বাংলাদেশে নিম্ন আয়ের পরিবারে সমবয়সী ছেলেদের তুলনায় মেয়েদের কাজ করতে দেখা যায় বেশি। গত রোববার রাজধানীর রায়েরবাজারের মেকাব খান সড়কের একটি বস্তিতে গিয়ে দেখা মেলে রোখসানার। স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে সে। মা-বাবা, দাদি ও দুই ভাইবোন নিয়ে থাকে ছোট্ট একটি কক্ষে। বড় বোন বাড়িতে জুতা সেলাইয়ের কাজ করে। মা গৃহকর্মীর কাজ করেন। বাবা রিকশাচালক। এক বছরের ছোট ভাই আবদুল হাসেম মাদ্রাসায় পড়ে। তাকে মাদ্রাসার যাওয়ার জন্য তৈরি হতেও সাহায্য করে রোখসানা। আর কী কী করো, জানতে চাইলে রোখসানা বলে, ‘ঘর ঝাড়ু দেই, মুছি, থালবাসন ধুই, পানি আনি। অনেক কাম করি।’ ভাই কোনো সাহায্য করে কি না, জানতে চাইলে রোখসানার দাদি বলেন, ‘ব্যাডা মানুষ, কী কাম করব।’
আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। ২০১১ সালে জাতিসংঘ এ দিনটিকে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০১২ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে ইউনিসেফ গত ৭ অক্টোবর ‘হার্নেসিং দ্য পাওয়ার অব ডাটা ফর গার্লস: টেকিং স্টক অ্যান্ড লুকিং এহেড টু ২০৩০’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের তথ্যমতে, সারা বিশ্বে ৫ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা বিনা পারিশ্রমিকে তাদের সমবয়সী ছেলেদের তুলনায় প্রতিদিন ঘরের কাজ ১৬ কোটি ঘণ্টা বা ৪০ শতাংশ বেশি করে।
ইউনিসেফের ওই প্রতিবেদন বলছে, রান্না, ঘর পরিষ্কার, পরিবারের অন্যান্য সদস্যদের যত্ন নেওয়া ও পানি সংগ্রহ করে এই কন্যাশিশুরা। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বিনা পারিশ্রমিকে মেয়েদের এভাবে ঘরে কাজ করার প্রবণতা বেশি। সবচেয়ে বেশি বুরকিনা ফাসো, ইয়েমেন ও সোমালিয়ায়। তবে বাংলাদেশের পরিস্থিতি নির্দিষ্ট করে বলা হয়নি।
রায়েরবাজারের এই বস্তিতে ঘুরে কথা হয় ইমু, ঝুমা আক্তার ও জান্নাতের সঙ্গে। এরা সবাই ৮ থেকে ১০ বছর বয়সী। তিনজনই মাকে ঘরের কাজে সাহায্য করে। জান্নাতের ছয় মাস বয়সী একটি ছোট বোন আছে। বোনকে রাখতে হয় বলে এখন স্কুলে যেতে পারছে না। মা কাজ থেকে ফিরলে রান্নার আয়োজনে মাকে সাহায্য করে জান্নাত। তার ১২ বছর বয়সী এক ভাই আছে। সে ইলেকট্রনিকসের একটি দোকানে কাজ করে মাসে ১২০০ টাকা পায়। কিন্তু জান্নাতের ঘরের কাজের কোনো পারিশ্রমিক নেই।
একই বয়সী ছেলে ও মেয়েদের ঘরের কাজ প্রসঙ্গে বস্তিতে কয়েকজন বললেন, ঘরের কাজ মেয়েদের করতেই হয়। এসব ছেলেরা করে না। আর ঘরের কাজের পারিশ্রমিকের বিষয়টি শুনে তাঁরা অবাক হয়েছেন।
এ ব্যাপারে আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দা মুনিরা সুলতানা বলেন, ‘এ বিষয়ে পারিবারিক শিক্ষাটা দরকার। ছেলেমেয়ে উভয়ের প্রতি সমান আচরণ প্রয়োজন।’ তিনি আরও বলেন, স্কুলেও এ বিষয়ে শেখাতে হবে। এই শিক্ষা না থাকার ফলে অনেক ছেলে নিজেকে উচ্চতর ভাবে।