ঘরের কাজের স্বীকৃতি বাড়াবে নারীর মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত বন্ধুমেলায় নৃত্য পরিবেশনা l প্রথম আলো
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত বন্ধুমেলায় নৃত্য পরিবেশনা l প্রথম আলো

ঘরের কাজের স্বীকৃতি এবং এর আর্থিক মূল্য নিরূপণের মধ্য দিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও নারী-পুরুষের মধ্যে সমতা বিধান করা সম্ভব। এ জন্য নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সঙ্গে প্রয়োজন সচেতনতা ও পুরুষের দায়িত্বশীল আচরণ।
বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বন্ধুমেলায় অংশ নেওয়া বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ও প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা বন্ধুসভার সদস্যদের পাশাপাশি সমাজে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও সফল নারী ব্যক্তিত্বরা অংশ নেন। এর আনুষ্ঠানিকতা শুরু হয় ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক দুটি তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। এরপরই ‘আগুনের পরশমণি’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন ‘নৃত্যরং’-এর শিল্পীরা। এর সঙ্গে অনুষ্ঠানের গোটা সময়জুড়ে ছিল কবিতা আবৃত্তি, গান, আলোচনা, প্রশ্নোত্তর পর্বসহ ‘ঘরের কাজ মেয়েদের’ শীর্ষক সংসদীয় (ছায়া সংসদ) বিতর্ক।
বন্ধুমেলায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘নারী-পুরুষের সমতা বিধান করা একটা কঠিন বিষয়। কারণ, আমাদের বিদ্যমান সমাজব্যবস্থায় কাজের যে বণ্টন, তাতেই বৈষম্যটা রয়ে গেছে।’
শাহীন আনাম আরও বলেন, ‘প্রতিটি কাজেরই একটা মূল্য আছে। আমরা মনে করি নারীর অবদান যদি ঠিকমতো প্রচার হতো, তাহলে পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর সম্মান ও মর্যাদা দুটোই বাড়ত।’
মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর তাঁর স্মৃতিচারণায় মুক্তিযুদ্ধে নারীর অবদানের বিষয়টি তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাত্রার পরিচালক সানাউল আরেফিন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নূরুন আক্তার প্রমুখ।