ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ও চুল কেটে গৃহবধূকে নির্যাতন
বরিশাল নগরে এক নারীকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে চুল কেটে দেওয়া হয়েছে। ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. খোকন কবিরাজের নেতৃত্বে ওই নির্যাতন ও চুল কাটার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে পুলিশ। বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের মতাসার এলাকার বাসিন্দা মো. সেকান্দার ফকিরের বাড়িতে গতকাল বুধবার সকাল সাতটার দিকে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। নারী জানান, ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন কবিরাজের নেতৃত্বে চাচাশ্বশুর সেকান্দর ফকির, মনসুর ফকির, মনির হোসেন ফকির, চাচার মেয়ে রওশন আরা বেগম, পুন্নি বেগমসহ আরও অনেকে মিলে মারধর করে তাঁকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। একপর্যায়ে তাঁর মাথার চুল কাঁচি দিয়ে কেটে ফেলেন তাঁরা। চিৎকার দিলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি। পরে পুলিশ এসে উদ্ধার করে। কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে সংবাদ পেয়ে আমরা ওই এলাকায় যাই। সেখানে গিয়ে বাড়ির একটি ঘরের খুঁটির সঙ্গে প্লাস্টিকের দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে পাই। এ সময় চুল কাটা ও নির্যাতনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে মো. সেকান্দার হোসেন এবং রওশন আরা বেগম নামে দুজনকে আটক করা হয়। নারীর স্বামী অভিযোগ করেন, ‘সম্পত্তি নিয়ে আমার চাচাদের সঙ্গে বিরোধ আছে। তাঁরা নানাভাবে অত্যাচার চালাতে থাকেন। এই বিষয়ে কাউনিয়া থানায় একটি মামলাও আছে। সর্বশেষ আমার স্ত্রীকে মারধর করে চুল কেটে দেন তাঁরা।’ সেকান্দার ফকির বলেন, ‘তাঁর স্ত্রীকে রাতে লালশাক চুরির অপরাধে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রাখি। চুল কেটেছে মহিলারা। তবে চুল কাটা ঠিক হয়নি। আমি নিষেধ করেছিলাম। এ সময় আমার ভাইয়ের ছেলে নাসির ফকির, আদম আলী ফকির, রওশন আরাসহ অনেক মানুষ ছিল।’ আটক রওশত আরা বেগম বলেন, ‘চুল কাটা অন্যায় হয়েছে। অনেকেই চুল কাটার সঙ্গে ছিল।’ ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. খোকন কবিরাজ প্রথম আলোকে বলেন, ‘ওই নারী খারাপ, ওর স্বামী ভালো। ওখানে আমার একটা ঘের আছে। রাত তিনটায় লালশাক তোলার অভিযোগে তাঁকে বেঁধে রাখা হয়। আমি স্থানীয় কাউন্সিলরকে সংবাদ দিই। কিন্তু ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল হোসেন বলেন, ‘সকালে সংবাদ পেয়ে আমি পুলিশের সঙ্গে সেখানে যাই। ওখান থেকে বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। চুরি করলেও তাঁকে পুলিশে দিতে পারত। কিন্তু বেঁধে নির্যাতন করা ও চুল কাটা তো মানবাধিকার লঙ্ঘন।’ কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুর ইসলাম বলেন, ‘দোষীদের গ্রেপ্তার করা হবে।’