ঘরের ঘেরাটোপে বৃক্ষ নিধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি তিনটি গাছ। ঘরের চাল ভেদ করে বের হয়ে আছে। একই ঘরের বারান্দায় বেঁকে রয়েছে আরেকটি গাছ। একটি ঘর ভেদ করে চারটি গাছের এভাবে বেড়ে ওঠায় প্রথমে ডালপালা কেটে ফেলা হয়। ডালপালাহীন গাছগুলো মরে যাচ্ছে দেখিয়ে গাছের আগা কেটে ফেলা হয়। আগা কাটা গাছ ঘরের খুঁটি হিসেবে কয়েক দিন ব্যবহারের পর একপর্যায়ে ঘর সংস্কারের নামে কেটে ফেলা হয় গাছের গোড়া। নেত্রকোনার মোহনগঞ্জের সঙ্গে সুনামগঞ্জের ধরমপাশার যোগাযোগ রক্ষাকারী সড়কের প্রায় আধা কিলোমিটার অংশে এভাবে ঘরের ঘেরাটোপের মধ্যে কাটা হচ্ছে সারি সারি বৃক্ষ। গাছের ফাঁকফোকরে শতাধিক দোকানঘর নির্মাণ করায় ছোটখাটো হাটে পরিণত হয়েছে ওই সড়কের পাশের এলাকা। অভিযোগ রয়েছে, সওজের জায়গায় এসব দোকান স্থাপন করে দখলে সহায়তা করেছে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। মোহনগঞ্জ-ধরমপাশা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে ২০০১ সালে। দুই উপজেলায় প্রবহমান কংস নদের সেতুর উত্তর দিকে সড়কের পশ্চিম পাশে এক কিলোমিটার অংশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষ রোপণ করা হয়। এই সড়কের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বালিকা উচ্চবিদ্যালয়ের সড়ক মিলিত হওয়ায় ওই স্থানটি ত্রিমুখী মোড় নামে পরিচিত। ত্রিমুখী মোড় থেকে ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে পর্যন্ত আধা কিলোমিটার এলাকা সড়ক লাগোয়া। এসব স্থানে চলছে দোকানঘর নির্মাণের হিড়িক। আকাশি, শিশু ও রেইনট্রি প্রজাতির দুই শতাধিক গাছ লাগানো ওই এলাকায় ইতিমধ্যে শতাধিক গাছ কাটা হয়েছে। এ কৌশলে রাতারাতি বৃক্ষ নিধনে মাটির উর্বরতা হ্রাস পেয়ে আশপাশের বৃক্ষরাজির ওপরও বিরূপ প্রতিক্রিয়া পড়ার আশঙ্কার কথা জানিয়ে বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক বিলকিস আফরোজা প্রথম আলোকে বলেন, ‘এটা আসলে সূক্ষ্ম বুদ্ধির বৃক্ষ নিধনযজ্ঞ। তাই এ ধরনের কৌশল বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।’জানা গেছে, সড়কের পাশের গাছগুলো বনায়ন সমিতির মাধ্যমে তদারকি হয়। মোহনগঞ্জ-ধরমপাশা সড়কের এই গাছ ধরমপাশা পশ্চিমপাড়া ‘গ্রাম বনায়ন সমিতি’র মাধ্যমে তদারকি হচ্ছে। এ সংগঠনের সভাপতি কেছলু মিয়া বলেন, ‘সড়কের পাশে ঘরগুলো নির্মাণ হওয়ায় অনেকে কেবল অবৈধ দখলের বিষয়টির খোঁজ করছিলেন। গাছ শূন্য হওয়ার বিষয়টি আমরা নিজেরাও খেয়াল করিনি। সওজ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’একদিকে দখল, অন্যদিকে কৌশলে গাছ কাটার এ অবস্থা সম্পর্কে ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকারি গাছ কাটা আর দখল করায় সড়কটির প্রাকৃতিক বেষ্টনী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। জায়গার মালিকানা নিয়ে এ ব্যাপারে সওজ যথাযথ পদক্ষেপ না নেওয়ায় অনেকের মনে প্রশ্নের সৃষ্টি হচ্ছে।’ সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এভাবে দখল ও গাছ কাটার বিষয়টি আমাদের কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী এমন কাজে যুক্ত থাকতে পারে বলে আমার মনে হয় না। তবু আমি দেখব। কেউ জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’