ঘরের নির্মাণ ব্যয় কম ঠিকাদারেরা আগ্রহী না

- লংগদুর তিন পাহাড়ি গ্রামে আগুন
- ক্ষতিগ্রস্ত ১৭৬ পরিবারের অপেক্ষা দীর্ঘ হচ্ছে
- দ্বিতীয় দরপত্রেও কোনো ঠিকাদার অংশ নেননি
রাঙামাটির লংগদু উপজেলার ক্ষতিগ্রস্ত পাহাড়িদের ঘর নির্মাণের করে দিতে দ্বিতীয় দফার দরপত্রেও কোনো ঠিকাদার অংশ নেননি। ৫ ফেব্রুয়ারি ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ঠিকাদারেরা বলছেন, নকশা অনুযায়ী ঘর নির্মাণের জন্য যে ব্যয় ধরা হয়েছে তা বাজার মূল্যের চেয়ে কম। এ ছাড়া ১৭৬টি আধা পাকা ঘর নির্মাণের কাজ পাবেন মাত্র চারজন ঠিকাদার। এত বড় কাজ (একজন ঠিকাদার ৪৪টি ঘর নির্মাণের কাজ পাবেন) করার সক্ষমতা স্থানীয় ঠিকাদারদের নেই।
তিন কক্ষের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় পাঁচ লাখ ২৫ হাজার টাকা। প্রতিটি ঘর দৈর্ঘ্যে ৪০ ফুট, প্রস্থে সাড়ে ২৪ ফুট। ঘরের সঙ্গে থাকবে রান্নাঘর ও শৌচাগার।
লংগদুর তিনটি পাহাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত ১৭৬ পরিবার সাত মাসের বেশি সময় নিজ নিজ গ্রামে পোড়া ভিটের পাশের ঝুপড়ি বানিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছে। এই শীতে কষ্টে আছে পরিবারগুলো। আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে ঘর নির্মাণ করা না গেলে তাদের দুর্ভোগের সীমা থাকবে না। ঘর নির্মাণের দেরি হওয়ায় ক্ষতিগ্রস্তরা হতাশ ও ক্ষুব্ধ বলে জানান লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিন মিত্র।
গত বছরে ২ জুন স্থানীয় যুবলীগের এক নেতার খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লংগদু উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরের বাত্যাপাড়া, মানিকজোড়ছড়া ও তিনটিলা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। এতে তিন গ্রামের ২১২টি পাহাড়ি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। যাদের সম্পূর্ণ বাড়ি পুড়ে গেছে এমন পাহাড়ি পরিবার ১৭৬টি। এর মধ্যে তিনটিলা গ্রামে ৭৫টি, মানিকজোড়ছড়া গ্রামে ৭৮টি ও বাত্যাপাড়া গ্রামের ২৩টি পরিবার রয়েছে।
ক্ষতিগ্রস্ত পাহাড়িদের ঘর করে দিতে গত বছরের ২ ডিসেম্বর প্রথম দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। ঠিকাদারেরা তখন বলেছিলেন, দরপত্রে চলতি বিলের (নির্মাণকাজ চলার সময় নির্দিষ্ট পরিমাণ টাকা ঠিকাদার তুলতে পারেন) ব্যবস্থা না থাকায় কেউ অংশ নেননি। গত ১১ জানুয়ারি সংশোধিত দরপত্র আহ্বান করা হয়।
লংগদু ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক অজিত নন্দী বলেন, নকশা অনুযায়ী প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় দরপত্রে উল্লেখ করা টাকার চেয়ে অনেক বেশি হবে। দুর্গম এলাকার গ্রামে ইট, সিমেন্ট ও রড পৌঁছানোর খরচ অনেক। এসব বিষয় ঘর নির্মাণের ব্যয় ঠিক করার সময় সরকার বিবেচনায় নেয়নি। এ ছাড়া ১৬৭টি ঘর চারটি প্যাকেজের আওতায় করতে হবে। এত বড় প্যাকেজে কাজ করার মতো ঠিকাদার উপজেলায় নেই।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লংগদু উপজেলা কার্যালয়ের প্রকৌশলী মো. রিয়াদুন্নবী বলেন, ঠিকাদারেরা তাঁকে জানিয়েছেন ১৭৬টি ঘর নির্মাণ করতে যে পরিমাণ ইট প্রয়োজন তাও লংগদু উপজেলায় নেই। এ ছাড়া দুর্গম নির্মাণসামগ্রী পরিবহনের খরচ অনেক বেশি।
মানিকজোড়ছড়া গ্রামের পাহাড়ি কালাচান চাকমা বলেন, মাসের পর মাস ঝুপড়িতে দুর্ভোগের দিন কাটাচ্ছেন তাঁরা। এক কক্ষের ঝুপড়িতে তাঁর পরিবারের ১২ জন থাকছেন। আগামী দুই মাসের মধ্যে ঘর নির্মাণ না হলে কালবৈশাখী ঝড়ে ঝুপড়ি উড়ে যাবে।
দরপত্রে ঠিকাদারদের অংশ না নেওয়া এবং ঘর নির্মাণের বরাদ্দ বাড়ানোর দাবির বিষয়টি প্রধানমন্ত্রী কার্যালয়কে অবহিত করা হয়েছে বলে জানান লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাদ্দেক মেহেদী ইমাম। তিনি বলেন, এ অবস্থায় কবে নাগাদ ঘর নির্মাণ শুরু করা সম্ভব হবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।