ঘরের পাশে পাইপলাইন তবু মিলছে না গ্যাস
ঘরের পাশ দিয়ে গ্যাস যাচ্ছে সারা দেশে কিন্তু গ্যাসক্ষেত্রের কাছের মানুষ গ্যাস পাচ্ছেন না। এটা মানতে পারছেন না তাঁরা। তাই এবার আন্দোলনে নেমেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মানুষ। দাবি মানা না হলে পাইপলাইন স্থাপনে বাধা দেওয়াসহ কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তাঁরা। এলাকার কয়েকজন জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্র (ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র) থেকে উত্তোলিত গ্যাস প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে সেই গ্যাস উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ওপর দিয়ে নেওয়া হচ্ছে। অনেক দিন ধরেই ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভাটেরা ইউনিয়নে গ্যাস সরবরাহের দাবি করে আসছেন এলাকাবাসী। বিভিন্ন সময় সংবাদ সম্মেলন, মানববন্ধন, সড়ক অবরোধ, জনসভা, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু আজ অবধি গ্যাস-সংযোগের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষ। আন্দোলনে নামেন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নবাসী। গ্যাসের দাবিতে গঠিত সংগ্রাম কমিটির ব্যানারে গত সোমবার মৌলভীবাজার-কুলাউড়া সড়কের ব্রাহ্মণবাজারে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। পরে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, আন্দোলনকারীদের দাবিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর অবরোধ তুলে নেওয়া হয়। ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিক উদ্দিন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘পাশের ভাটেরা ও বরমচাল ইউনিয়ন এলাকা থেকে উত্তোলিত গ্যাস আমাদের (ইউনিয়নের) ওপর দিয়ে সারা দেশে যাচ্ছে। কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এই দাবি আদায়ে সব দলের মানুষ আমরা একত্রিত।’ কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর দেওয়া স্মারকলিপি যথাযথভাবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে।’