বাড়ির উঠানে পুরোনো জাল মেরামত করছেন বীরেন সরকার। মাথা উঁচু করে বলেন, ‘পাড়া থেকে পুলিশ চলে গেলে কী হয়, বলা যায় না।’ গতকাল বুধবার এই আশঙ্কার কথা প্রথম আলোকে বলেন তিনি।
বীরেন সরকারের (৯০) বাড়ি যশোরের অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামের মালোপাড়ায়। সেখানে হামলার তিন বছর পূর্তি হচ্ছে আজ বৃহস্পতিবার। কিন্তু এত দিনেও আতঙ্ক কাটছে না বীরেনসহ এ পাড়ার বাসিন্দাদের।
পাড়ার দুলাল-রণজিতা বিশ্বাস দম্পতির পুড়িয়ে দেওয়া ঘর সংস্কার করে আগের চেয়ে সুন্দর করা হয়েছে। জীবিকা অবলম্বনের জন্য মিলেছে জাল। তাঁদের এক মেয়ে যোগ দিয়েছেন পুলিশে। তাঁদের ঘরের পেছনে স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। তবু আতঙ্ক তাঁদের পিছু ছাড়ছে না।
রণজিতা বিশ্বাস বলেন, ‘পুলিশ আছে, তাই ভালো আছি। পুলিশ চলে গেলে কী হবে, ভেবে কূলকিনারা পাই না।’
গতকাল জানতে চাইলে পাড়ার সঞ্চিতা বর্মণ বলেন, হামলার তিন বছর পূর্তি উপলক্ষে আগামীকাল (আজ) সন্ধ্যায় পাড়ার রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে উলুধ্বনি, শঙ্খধ্বনি ও মোমবাতি জ্বালানো হবে। প্রার্থনা করা হবে দেশের কল্যাণে।
বিশ্বজিৎ সরকার বলেন, ‘ওঁরা সরাসরি কিছু বলেন না। আশপাশ থেকে নানা হুমকি শোনা যায়। কিছু আসামি পলাতক ছিলেন। তাঁরা এখন এলাকায় ফিরে এসেছেন। কয়েকজন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। হামলার নেতৃত্বদানকারী জামায়াত নেতা মাওলানা আবদুল আজিজ, মাওলানা ইউসুফ ও বিএনপি নেতা আইয়ুব আলীর নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।’
শেখর কুমার বর্মণ বলেন, ‘স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর নির্মাণ, পাড়ার মৎস্যজীবীদের নামে প্রেমবাগ বাঁওড় বন্দোবস্তসহ আমাদের সাতটি দাবি ছিল। সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম। কিন্তু এ পর্যন্ত ৫৫টি বাড়ি নির্মাণ এবং ১৪টি বাড়ি সংস্কার ও একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শুরু ছাড়া অন্য প্রতিশ্রুতি পূরণ করা হয়নি।’
জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগ এনে ২০১৪ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় জামায়াত ও বিএনপির কয়েক শ নেতা-কর্মী মালোপাড়ায় হামলা করেন। হামলার মুখে মালোপাড়ার নারী, শিশুসহ চার শতাধিক বাসিন্দা পাশের ভৈরব নদ সাঁতরে ও ইঞ্জিনচালিত নৌকায় পার হয়ে দেয়াপাড়া গ্রামের পূজামণ্ডপে আশ্রয় নেন। হামলাকারীরা শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করে। হামলায় আহত হন অন্তত ২০ জন। এ ঘটনায় অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাওলাদার বাদী হয়ে ৩৯ জনের নাম উল্লেখ করে ও আড়াই শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ৩০ ডিসেম্বর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. আমিনুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন। এতে বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় ১০০ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।
বিএনপি-জামায়াতের তিন নেতাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার বিষয়ে তখন অবশ্য আমিনুল ইসলাম বলেছিলেন, অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও সঠিকভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
মালোপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জনাব আলী বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই।