ঘরের বাঁধনমুক্ত আনন্দের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইচ্ছামতো বৃষ্টিতে ভিজলেও চোখ রাঙানোর কেউ ছিল না। বন্ধুরা সব দল বেঁধে হই-হুল্লোড়ে মেতে থাকলেও বাধা দিতে আসেনি কেউ। বাঁধনমুক্ত হয়ে উচ্ছ্বাসে-আনন্দে নন্দন পার্কে গতকাল এমনই এক দিন কেটেছে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ঢাকা মহানগরের কৃতী শিক্ষার্থীদের ষ ছবি: সৈকত ভদ্র হ খবর: পৃষ্ঠা-১৪ হ আরও ছবি: পৃষ্ঠা-১৬
ইচ্ছামতো বৃষ্টিতে ভিজলেও চোখ রাঙানোর কেউ ছিল না। বন্ধুরা সব দল বেঁধে হই-হুল্লোড়ে মেতে থাকলেও বাধা দিতে আসেনি কেউ। বাঁধনমুক্ত হয়ে উচ্ছ্বাসে-আনন্দে নন্দন পার্কে গতকাল এমনই এক দিন কেটেছে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ঢাকা মহানগরের কৃতী শিক্ষার্থীদের ষ ছবি: সৈকত ভদ্র হ খবর: পৃষ্ঠা-১৪ হ আরও ছবি: পৃষ্ঠা-১৬

শুধু ডানা মেলে ওড়াটাই বাকি ছিল। তা ছাড়া আর সবই হলো। ইচ্ছামতো বৃষ্টিতে ভেজা, দল বেঁধে ঘুরে বেড়ানো, লম্বা লাইন দিয়ে মজার মজার রাইডে চড়া, গলা ফাটিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার, গানের সঙ্গে উদ্বাহু নৃত্য—আর রইল কী। ঘরের বাঁধন থেকে মুক্ত হয়ে আনন্দে ভেসে বেড়ানো দিন ছিল গতকাল শুক্রবার ঢাকা মহানগরের কৃতী মেধাবী শিক্ষার্থীদের।
বান্ধবীদের নিয়ে ইলশেগুঁড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘণ্টা খানেক লাইনে দাঁড়িয়ে ‘ক্যাটার পিলার’-এ চড়ার সুযোগ মিলেছিল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল থেকে পাস করা জিয়াসমিন আরার। বিপুল উচ্ছ্বাসে বলছিল, ‘আজ আনন্দ করতে এসেছি। বৃষ্টির জন্য শেডের তলায় আটকে থাকার মানেই হয় না।’ যদি জ্বর হয়? ‘বাসায় ফিরে প্যারাসিটামল খেয়ে নেব’—সোজা জবাব। সঙ্গে আসা অভিভাবকেরাও বাদ সাধতে যাননি ওদের আনন্দে। কাদা-জলে মাখামাখি হয়ে কেটে গেছে বেলা।
গতকাল নন্দন পার্কে ছিল প্রথম আলোর আয়োজনে ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের সহায়তায় এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ঢাকা মহানগরের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সহযোগিতা দিয়েছে নন্দন পার্ক ও প্রথম আলো বন্ধুসভা। প্রচার-সহযোগী ছিল চ্যানেল আই, এবিসি রেডিও ও prothom-alo.com।
যাত্রা শুরু হয়েছিল ভোর ছয়টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে। মজুত শ খানেক বাস। তারপর হইহই গন্তব্য অভিমুখে যাত্রা। গতকাল সাত হাজার ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আজ শনিবার নন্দনে ঢাকা ও গাজীপুর জেলার ছয় হাজার ৮০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে। সব মিলিয়ে এবার টেলিটকের সহায়তায় প্রথম আলো সারা দেশে ৭০টি অনুষ্ঠানে ৮৫ হাজার কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে।
ভোর থেকেই টিপটিপ বৃষ্টি। ছাতা ছিল অনেকের সঙ্গেই। কিন্তু আনন্দ-উল্লাস করতে এসে কি আর ছাতা মাথায় ঘোরা চলে! ও বস্তুটি মাথার ওপর আচ্ছাদন হয়েছিল সঙ্গে আসা বাবা-মায়েদের। ছেলেমেয়েদের বাসে তুলে দিয়ে অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে চলে এসেছেন অনুষ্ঠানে। কেউ কেউ বাসেও এসেছেন। নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা কাজী ইলিয়াস কল্লোল ও অভিনয়শিল্পী মুনা আক্তারও এসেছিলেন তাঁদের মেয়ে ভিকারুননিসা নূন স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া শাহনূরমা শান্তনার সঙ্গে। ইলিয়াস বলছিলেন, ‘প্রথম আলোর এই অনুষ্ঠান কেবল কৃতী শিক্ষার্থীর অনুষ্ঠান নেই, এটি এখন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পুরো পরিবারেরই অনুষ্ঠান হয়ে গেছে। আমরাও এসেছি মেয়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে।’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তো তাঁর বক্তৃতায় আরও একধাপ বাড়িয়ে বললেন, প্রথম আলোর এই আয়োজন এখন একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছর তারা সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাদের যেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, তার জন্য সম্পাদকসহ প্রথম আলো পরিবারকে অভিনন্দন। মন্ত্রী বলেন, ‘একসঙ্গে নতুন প্রজন্মের এত মেধাবী শিক্ষার্থীকে দেখতে পেয়ে আমি খুবই আনন্দিত। বিশ্বের কোনো দেশের ছেলেমেয়েদের চেয়েই তোমাদের মেধা কম নয়। তোমরাই হবে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, সাম্প্রদায়িকতামুক্ত উদার গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশের নির্মাতা। সে জন্য তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’
আলোচনা হয়েছিল ফাঁকে ফাঁকে। মূল অনুষ্ঠানটি ছিল গানে গানে মাতিয়ে রাখার। বেলা দেড়টা থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান।

নন্দন পার্কে গতকাল প্রথম আলোর আয়োজনে ও টেলিটকের সহায়তায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ষ প্রথম আলো
নন্দন পার্কে গতকাল প্রথম আলোর আয়োজনে ও টেলিটকের সহায়তায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ষ প্রথম আলো



বেলা ১১টা নাগাদ বৃষ্টি ছেড়ে গিয়ে বেশ ঝলমলে রোদও উঠেছিল কিছুক্ষণের জন্য। প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন দেড়টা নাগাদ মঞ্চে এসে প্রথমেই কৃতীদের অভিনন্দন জানালেন তাদের সাফল্যের জন্য। সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে দিলেন শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, জীবনে ভালো মানুষও হতে হবে। এর পরই গানের পালা। ক্লোজআপ তারকা আতিক ও ডি-রক স্টার শুভ মাতিয়ে তুললেন গানে গানে।
গানের মাঝে মাঝে দেশের বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিরা এসে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে এই সাফল্য ধরে রাখতে অনুপ্রেরণা দিলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যে দেশে ৮০ হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পায়, সে দেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল।’
এরপর চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ বিজয়ী কোনাল যখন গাইতে এলেন তখন আকাশে আবার মেঘ জমেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। আবহাওয়ার সঙ্গে মিলে গেল তাঁর গান ‘এই রিমঝিম ঝিম বৃষ্টি’ ও ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। টেলিটকের সাবেক ও বর্তমান মহাব্যবস্থাপক হাবিবুর রহমান ও ফারুক আহমেদ, নন্দন পার্কের পরিচালক এনামুল হক চৌধুরী, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আমিনুল হক, জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু, গণিত অলিম্পিয়াডের দুবার ব্রোঞ্জজয়ী নূর মোহাম্মদ শফিউল্লাহ অভিনন্দন জানালেন কৃতীদের। প্রথম আলোর যুব কর্মসূচি সমন্বয়ক মুনির হাসান শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার অঙ্গীকার করান। প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক আনন্দে উৎফুল্ল শিক্ষার্থীদের নিয়ে ‘বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র’ কবিতাটি আবৃত্তি করেন। তাদের উৎসাহ দিয়ে বলেন, ‘স্কুলপাঠ্যের বাইরে যে বিশাল জ্ঞানভান্ডার আছে, সেখানে অংশ নিতে হবে সবাইকে।’
অভিনয়শিল্পী জাহিদ হাসানের জন্মদিন ছিল গতকাল। কৃতীদের তিনি অভিনন্দন জানাতে এসেছিলেন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে, যেন তারাও কৃতীদের দেখে অনুপ্রাণিত হয়। জাহিদের জন্মদিনের কেকও কাটা হলো। আর গানে গানে মাতালেন কুমার বিশ্বজিৎ। নিজেও গেয়েছেন, সঙ্গে গাইয়েছেন কৃতীদের। অনুষ্ঠানে আরও গান করেছেন এস আই টুটুল, ন্যান্সি, দিনাত জাহান এবং শেষে ছিল প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গান। বেলা তখন ডুবুডুবু। আনন্দধাম ছেড়ে এবার বাড়ি ফেরার পালা।