পিঠসহ শরীরের বিভিন্ন অংশে গরম খুন্তি ও বিদ্যুতের তারের আঘাতের অসংখ্য চিহ্ন। টাইলসের সঙ্গে মাথা লাগিয়ে নির্যাতন করায় মাথার তালুতে বেশ ক্ষত। জান্নাতুল ফেরদৌস এক সপ্তাহের বেশি সময় ধরে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি। গাজীপুরে এক বাসায় কাজ করত সে। জান্নাতুল জানিয়েছে, ঈদে বাড়ি যাওয়ার বায়না ধরায় গৃহকর্ত্রী তার এ পরিণতি করেছেন। জান্নাতুলের বয়স মাত্র নয় বছর।
>নির্যাতন
* শিশু গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের মাত্রা কমছে না
* বছরের প্রথম ছয় মাসে নির্যাতনে মৃত্যু ১৭ শিশুর
* শিশুদের কাজের কোনো সময়সীমা নেই
* গড় মজুরি ১ হাজার ১৮৫ টাকা
শিশু গৃহশ্রমিকেরা চারদেয়ালের ভেতরে সব ধরনের নজরদারির বাইরে রয়ে গেছে। গৃহশ্রমিকদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের পরিসংখ্যান বলছে, এই শ্রমিকদের ওপর নির্যাতনের মাত্রা কমছে না। নির্যাতনের পর অর্ধেক ঘটনারও কম ঘটনায় মামলা হচ্ছে। অনেক ক্ষেত্রেই মামলা আদালতের বাইরে আপস হয়ে যাচ্ছে।
এই গৃহশ্রমিকদের সুরক্ষায় এখন পর্যন্ত আইন নেই দেশে। গত বছর সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করলেও তার বাস্তবায়ন শুরু হয়নি। ২০১১ সালে গৃহকর্মীদের সুরক্ষায় হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। যত দিন আইন প্রণয়ন না হচ্ছে, তত দিন এ নির্দেশনা আইন হিসেবে প্রযোজ্য। তবে তা মানারও নজির নেই।
শিশু গৃহকর্মী নির্যাতনের হিসাব
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শিশুশ্রম জরিপ ২০১৩ অনুযায়ী (গত বছরের অক্টোবরে প্রকাশিত), গৃহকর্মে নিয়োজিত আছে ১ লাখ ২০ হাজার শিশু।
আটটি জাতীয় দৈনিক এবং বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত কর্মক্ষেত্রে মৃত্যু হয়েছে ২২ জন গৃহশ্রমিকের। এদের মধ্যে ১৭ জনেরই বয়স ছিল ১৮ বছর বা তারও কম। গত বছর মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৩ জনই ছিল শিশু। এদের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়স ছিল ১৩ জনের।
নির্যাতন করে মেরে ফেলার পাশাপাশি শিশু গৃহকর্মীরা ধর্ষণসহ অন্যান্য নির্যাতনের শিকার হচ্ছে। চলতি বছরের ৩০ এপ্রিল রংপুরের মিঠাপুকুর উপজেলা খাদ্য কর্মকর্তা নিজ বাড়িতে ১২ বছরের গৃহকর্মীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠায় খাদ্য কর্মকর্তাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
গত বছরের সেপ্টেম্বর মাসে শরীয়তপুর সদর হাসপাতালে মাত্র ১৪ বছর বয়সেই এক গৃহকর্মীকে সন্তানের জন্ম দিতে হয়। পরিবারের অভিযোগ, ২০১৪ সালের দিকে গ্রামের মোকতার সরদার নামের একজন বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি জানতে পারেন কিশোরীর গৃহকর্তা দ্বীন ইসলাম। বিষয়টিকে কাজে লাগিয়ে তিনিও কিশোরীকে ধর্ষণ করেন।
২৩টি সংগঠনের মোর্চা গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সচিবালয় হিসেবে কাজ করছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। এ সংগঠন গৃহশ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছে। এ সংগঠনের দেওয়া হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত ৩৭ জন গৃহকর্মী (শিশু ও প্রাপ্তবয়স্ক) বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার। এদের মধ্যে হত্যা, আত্মহত্যাসহ কর্মক্ষেত্রে বিভিন্নভাবে মারা গেছে ২৬ জন। গত বছর নির্যাতনের শিকার ৭৮ জনের মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়। ২০১৪ সালে ৫৫টি নির্যাতনের ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল ২৭ গৃহকর্মীর। সব মিলিয়ে সারা দেশে গত পাঁচ বছরে ১৮২ জন গৃহকর্মীর মৃত্যু ঘটেছে।
শিশু গৃহশ্রমিকেরা অরক্ষিত
দরিদ্র পরিবারগুলো অনেকটা বাধ্য হয়েই শিশুদের মানুষের বাসায় কাজে দেয়। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলছেন, শিশুদের নামমাত্র মজুরি বা বিনা মজুরিতে কাজ করানো হয়। নির্যাতনের শিকার হলেও তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তা দেখারও কেউ নেই।
২০১৪ সালে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’ গৃহকর্মীদের মানবেতর জীবনযাপন নিয়ে ‘ডমেস্টিক ওয়ার্কার্স: ডিভ্যালুয়েশন অ্যান্ড ডিসক্রিমিনেশন’ শীর্ষক গবেষণায় উল্লেখ করে, ৫৭ দশমিক ৫ শতাংশ শিশু গৃহকর্মী দৈনিক নয় ঘণ্টার বেশি সময় কাজ করে। ১২ শতাংশ শিশু গৃহকর্মীর কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। একজন শিশু গৃহকর্মী মাসে গড়ে ১ হাজার ১৮৫ টাকা মজুরি পায়। ২৮ দশমিক ৭ শতাংশ শিশু গৃহকর্মী নিয়মিত মজুরি পায় না। দেশের সাতটি প্রশাসনিক বিভাগের সাতটি জেলায় জাতীয় পর্যায়ে জরিপের ভিত্তিতে এ গবেষণা করা হয়।
শুরুতে তৎপরতা, অতঃপর...
আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, চলতি বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত গৃহকর্মী হত্যাসহ বিভিন্ন নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৬টি, মামলা দায়ের হয়েছে ১৬টি। নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন আইনে এসব মামলা করা হয়েছে। গত বছর মোট নির্যাতনের ৬৩টি ঘটনায় মামলা দায়ের হয় ২২টি। ২০১৪ সালে ৪৪টি ঘটনায় মামলা দায়েরের সংখ্যা ছিল ২০।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি শিশু গৃহশ্রমিক নির্যাতনের কয়েকটি মামলায় আইনি সহায়তা দিচ্ছে। এ সংস্থার কেস ম্যানেজার ফাহমিদা আক্তার বিভিন্ন মামলা পরিচালনার অভিজ্ঞতায় প্রথম আলোকে বলেন, গৃহশ্রমিক নির্যাতনের বেশির ভাগ মামলা আদালতের বাইরে আপস হয়ে যায়। দণ্ডবিধি আইনে তদন্তের সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নেই। তদন্ত প্রতিবেদন পেতে দেরি হয়। সাক্ষীদের আদালত পর্যন্ত হাজির করাও কঠিন কাজ।
প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পঞ্চগড়ে ৪ আগস্ট বিনা চিকিৎসায় গৃহকর্তার বাড়িতেই জুঁই (১২) মারা যায়। তার শরীরে গরম পানি ঢেলে দেন বাড়ির গৃহিণী। ওই দিনই গভীর রাতে প্রভাবশালী একটি মহলের মধ্যস্থতায় দাফন করা হয় জুঁইয়ের লাশ। এলাকাবাসী জানিয়েছেন, জুঁইয়ের মৃত্যুর বিষয়টি তিন লাখ টাকায় সমঝোতা করা হয়েছে।
গত বছরের ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে শিশু গৃহকর্মী মাহফুজা আকতার ওরফে হ্যাপীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়। গত বছরের ২১ সেপ্টেম্বর মহানগর হাকিমের কাছে মাহফুজা জবানবন্দি দিয়ে নির্যাতনের কথা বলেছিল। চলতি বছরের ২৪ আগস্ট নির্যাতনের কথা অস্বীকার করায় ওই সাক্ষ্য বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ।
রাজধানীর সিদ্ধেশ্বরীতে পলি আকতার ও তাঁর মেয়ে সিনথিয়ার বাসায় কাজ করত জবা (১১)। জানুয়ারি মাসে সে দগ্ধ হয়ে মারা যায়। জবার পরিবার আত্মহত্যার প্ররোচনার মামলা করলে তা তুলে নিতে হুমকি দেন আসামিরা। আসামিরা জামিনে মুক্তি পান এক মাসের মাথায়।
মার্চ মাসে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেন অফিসার্স কোয়ার্টার এলাকায় জনিয়া (১৫) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। সরকারি কর্মকর্তা আহসান হাবিবের বাসায় কাজে যাওয়ার পর তার মৃত্যু হয়। জনিয়াকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ করে তার পরিবার। সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তার পরিবার ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ।
গত বৃহস্পতিবার এ মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মেডিকেল রিপোর্টে আসছে, ছাদ থেকে পড়ে জনিয়ার মৃত্যু হয়েছে। তদন্ত চলছে।’
সরকারি পর্যায়ের তৎপরতা
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালায় বলা হয়েছে, ১৪ বছর পূর্ণ করেছে, তবে ১৮ বছরের কম বয়সী এবং হালকা কাজের জন্য ১২ বছর বয়সী শিশুদের (তার শিক্ষাগ্রহণকে বিঘ্নিত করবে না) নিয়োগের ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের সঙ্গে চুক্তিসহ অন্যান্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। তবে এটি এখন পর্যন্ত কাগুজে নীতিমালা হিসেবেই বিবেচিত হচ্ছে। সরকার ২০১৩ সালে শিশুদের জন্য যে ৩৮টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের তালিকা করেছে, তা থেকেও গৃহকর্মকে বাদ রাখা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু দেশের বাইরে থেকে টেলিফোনে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সরকার গৃহশ্রমিকদের সুরক্ষায় নীতি করেছে। বর্তমানে একটি আইন প্রণয়নের কথা চিন্তা করছে।
বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, নীতিমালার আলোকে আইন প্রণয়নের প্রক্রিয়ার গতি ধীর। দ্রুতগতিতে গৃহশ্রমিকদের নিবন্ধন ও পরিদর্শনের ব্যবস্থা করা না গেলে গৃহকর্মীদের ভাগ্যের পরিবর্তন ঘটানো যাবে না। নির্যাতনের কিছু ঘটনাকে দ্রুত বিচার আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করতে হবে। গৃহশ্রমিকের গ্রাম এবং সে যে বাসায় কাজ করছে—দুই জায়গায় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ দায়েরের একটি ব্যবস্থা থাকতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার গৃহশ্রমিকদের সুরক্ষা-সংক্রান্ত সনদ ১৮৯ সরকারকে অনুসমর্থন করতে হবে।
গৃহশ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবুল হোসাইন বলেন, মালিকেরা গৃহকর্মীদের ভাবেন এরা তো ‘চাকরবাকর’। এদের আবার অধিকার কিসের? এদের নির্যাতন করলেও কেউ দেখার নেই। এ ধরনের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সময় লাগবে।