ঘরের ভেতরে বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতভিটায় পড়েছে বিদ্যুতের খুঁটি। বাড়ি নির্মাণের বিকল্প জায়গা নেই। পল্লী বিদ্যুতের কার্যালয়ে খুঁটিটি সরিয়ে নেওয়ার আবেদন করেও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে বারান্দার ভেতরে খুঁটিটি রেখে তৈরি করা হয়েছে বসতঘর। এতে ঝুঁকিতে রয়েছে পরিবারটি।
স্থানীয়ভাবে বাড়িটি কারেন্টের (বিদ্যুৎ) বাড়ি বলে পরিচিতি পেয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ বাসস্ট্যান্ডে নেমে কারেন্টের বাড়ি বললেই লোকজন আঙুল দিয়ে দেখিয়ে দেন। বাড়িটি ছাতিয়ানতলা গ্রামের নইম উদ্দিনের।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাড়িটিতে গিয়ে নইম উদ্দিনকে পাওয়া যায়নি। তিনি ঘর মেরামতের কাজ করতে অন্য গ্রামে গেছেন। তাঁর স্ত্রী আমেনা খাতুন বলেন, আগে তাঁদের ছাপরাঘর ছিল। তখনো এর ভেতরে খুঁটিটি ছিল। সে সময় পল্লী বিদ্যুতের কার্যালয়ে তদবির করেও খুঁটিটি সরানো যায়নি। দুই বছর আগে জমিজমা ভাগাভাগি করা হয়। তখন ঈশ্বরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উপ-আঞ্চলিক কার্যালয়ে ২ হাজার টাকা ফি জমা দিয়ে খুঁটিটি সরানোর আবেদন করা হয়। কিন্তু পবিসের কেউ খোঁজও নেননি। বাধ্য হয়ে বারান্দার মধ্যে খুঁটিটি রেখে বাড়ি নির্মাণ করা হয়। ঘরে তিন শিশুসহ আটজনের বাস।
স্থানীয় কয়েকজন বলেন, বিদ্যুতের লোকজন চেষ্টা করলেই খুঁটিটি সরাতে পারেন। কিন্তু তাঁরা পদক্ষেপ নেননি। ঝড়-তুফানের সময় কাঠের তৈরি খুঁটিটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
আশ্রাফ আলী (৫৫) নামের একজন বলেন, বৃষ্টির পানি পড়া ঠেকাতে খুঁটিটির চারপাশে টিনের চালে সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। খুঁটিটি থেকে আটটি পরিবারকে বিদ্যুৎ-সংযোগ দিয়েছে পবিস।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ঈশ্বরগঞ্জ উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. গোলজার হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, তিনি সরেজমিনে খুঁটিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।