ঘরের সামনে বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের পূর্ব মাধনগর গ্রামে বসতঘরের সামনে টিনের বেড়া দিয়ে এক পরিবারকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নির্দেশে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পূর্ব মাধনগর গ্রামের নুরুল ইসলাম সরদার (৭৫) একই গ্রামের ১২৭৮ নম্বর দাগের সাড়ে আট শতক জমি খরিদ করে ২৮ বছর ধরে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এ অবস্থায় প্রতিবেশী আজাহার আলী ওই জমির কিছু অংশ দখল করার চেষ্টা করলে নুরুল ইসলাম আদালতে বাটোয়ারা মামলা করেন। মামলাটি এখনো চালু আছে। আদালতকে পাশ কাটিয়ে প্রতিপক্ষ আজাহার আলী গত বছরের ২০ অক্টোবর ওই জমির দখল বুঝিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় মাধনগর ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন করেন। চেয়ারম্যান আবেদনটি মঞ্জুর করেন। খবর পেয়ে নুরুল ইসলাম জমি নিয়ে মামলা চলার বিষয়টি চেয়ারম্যানকে জানান এবং আদালতের কাগজপত্র দাখিল করেন। কিন্তু আদালতের রায়ের তোয়াক্কা না করে ৪ মার্চ ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ানের নির্দেশে পরিষদের চৌকিদার, আজাহার আলীসহ তাঁর লোকজন নুরুল ইসলামের বসতঘরের বারান্দা ঘেঁষে টিনের বেড়া দেন। এতে ওই বাড়ির সবার চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
নুরুল ইসলাম বলেন, বৃদ্ধ স্ত্রী ও সন্তানদের নিয়ে কয়েক দিন ধরে অসহায় জীবন যাপন করছেন। বিষয়টি তিনি নলডাঙ্গা থানাকে জানিয়েছেন। কিন্তু গতকাল রোববার পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি।
নুরুলের ছেলে ফটিক হোসেন বলেন, তিনি জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। বাড়িতে থাকেন তাঁর বৃদ্ধ বাবা-মা। তাঁরা এখন গৃহবন্দী। বাড়ির জমি নিষ্কণ্টক। ২৮ বছর ধরে তাঁরা সেখানে বসবাস করছেন। অথচ প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ তাঁদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা করছে। আদালতে মামলা চালু থাকা অবস্থায় কীভাবে চেয়ারম্যান বসতবাড়ির সামনে দেয়াল তোলার হুকুম দেন, তা তাঁর বোধগম্য নয়।
আজাহার আলী বলেন, নুরুল ইসলামের সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যানের আদালত তাঁর পক্ষে রায় দিয়েছেন। রায়ের আলোকে চেয়ারম্যানের উপস্থিতিতে জমির দখল বুঝে নিয়েছেন। আদালতে মামলা থাকা অবস্থায় চেয়ারম্যানের রায় দেওয়া সঠিক হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা চেয়ারম্যানের ব্যাপার।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ান বলেন, আজাহার তাঁর সীমানা ঠিক করে দিতে গ্রাম আদালতে আবেদন করেছিলেন। উভয় পক্ষকে এ বিষয়ে নোটিশ করা হয়েছিল। নুরুল ইসলাম পরিষদে আসেননি। তাই আবেদনকারীর কাগজপত্র দেখে রায় দেওয়া হয়েছে। রায় মোতাবেক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। আদালতে মামলা চালু থাকার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না।
নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম বলেন, আদালতে বিচারাধীন মামলার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার অন্য কারও নেই। বসতবাড়ি বন্ধ করে দেওয়ার অভিযোগ তাঁরা পেয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।