ঘরোয়া আয়োজনে কবিকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া কামালের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন পরিবারের সদস্যরা৷ গতকাল কবির নিজ ভবন ধানমন্ডির ‘সাঝেঁর মায়া’ থেকে তোলা ছবি l প্রথম আলো
সুফিয়া কামালের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন পরিবারের সদস্যরা৷ গতকাল কবির নিজ ভবন ধানমন্ডির ‘সাঝেঁর মায়া’ থেকে তোলা ছবি l প্রথম আলো

নারীমুক্তি, গণতন্ত্র ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা কবি সুফিয়া কামালের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গত দুই দশক আগে যে আন্দোলন শুরু হয়েছিল, তার অন্যতম নেতা ছিলেন কবি সুফিয়া কামাল। দেশের বিশিষ্ট ১১ জন বুদ্ধিজীবীকে নিয়ে ১৯৯২ সালে গঠিত হয়েছিল জাতীয় গণতদন্ত কমিশন, যার চেয়ারপারসন ছিলেন সুফিয়া কামাল। তাঁরই নেতৃত্বে গণতদন্ত কমিশন একাত্তরের ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। এরই ওপর ভিত্তি করে ১৯৯২ সালের ২৬ মার্চ গণআদালতে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের প্রতীকী বিচার হয়েছিল।
সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন ১৯১১ সালে, বরিশালের শায়েস্তাবাদে। তিনি ছিলেন কবি, নারী আন্দোলনের অগ্রণী নেতা, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে তিনি মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ছিলেন।
সুফিয়া কামাল যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন, নারীশিক্ষা তখন অনেকটা নিষিদ্ধ ছিল। সুফিয়া কামাল নিজ উদ্যোগে শুধু নিজেকে শিক্ষিত করেননি, পিছিয়ে পড়া নারীসমাজকে শিক্ষার সুযোগ দেওয়ার আন্দোলন শুরু করেছিলেন। স্বাধীন বাংলাদেশে নারীর অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি গঠন করেন বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটি এখনো নারী অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে।
দেশের ৬৮টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম সামাজিক প্রতিরোধ কমিটি সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী স্মরণে সভার আয়োজন করেছে। আজ বিকেল তিনটায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আজ সকালে আজিমপুর কবরস্থানে সুফিয়া কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে।
সাঁঝের মায়ায় কবিবন্দনা
ঠিক সাঁঝবেলায় ‘সাঁঝের মায়া’ বাড়িতেই হলো কবি সুফিয়া কামালের স্মৃতিচারণা অনুষ্ঠান। কবির প্রয়াণ দিবসের আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় কবির বাড়িটি সাজানো হয় প্রদীপসজ্জায়। বারান্দায় সুফিয়া কামালের ছবি। নিচেই ফুল ও প্রদীপের সারি। এ বারান্দাতেই বসে নানা কাজ করতেন সুফিয়া কামাল।
স্মৃতিচারণা করে কবির সন্তান সাঈদা কামাল বলেন, ‘সুফিয়া কামাল এ বাসার রান্নাঘরে এক হাতে রান্না করতেন, অন্য হাতে থাকত কবিতার খাতা। ঘর তিনি সামলেছেন, সংসারের দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি ঘরের বাইরে নানা কিছুর সঙ্গে জড়িয়েছেন।’
কবির স্মরণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজন করে ‘সুফিয়া কামাল সংস্কৃতি প্রাঙ্গণ’। গোটা অনুষ্ঠানে ছিল ঘরোয়া ছাপ। অনুষ্ঠানের শুরুতে নির্ঝর অধিকারীর বাঁশির সুরে যেন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে মায়াময় আবহ। এরপর সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় সুবিধাবঞ্চিত শিশুরা। অনুষ্ঠানে কবির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।