ঘরোয়া হোটেলের ১৫ কর্মচারী সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদ হত্যা মামলায় হোটেলের ১৫ জন কর্মচারী সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ সাক্ষ্য গ্রহণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার পরিদর্শক আলীম হোসেন শিকদার আদালতে এক প্রতিবেদন দিয়ে সাক্ষী হিসেবে এই ১৫ জন কর্মচারীর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করার আবেদন করেন। আদালত এই আবেদন মঞ্জুর করেন।

এই ১৫ জন হলেন আজিজ, সুজন, খালেক, জাকির, রাকিব, মিঠুন, মোশাররফ, বেলায়েত, শামীম, রানা, জসিম, রাজু, শরিফুল, শফিক ও সাগর।

রাতে ৭৩ নম্বর স্বামীবাগে ওই হোটেলের কর্মচারীদের মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়। মেসটি নির্মাণাধীন আটতলা ভবনের দোতলায় অবস্থিত।

মুঠোফোন চুরির অভিযোগে ২৭ অক্টোবর কিশোর কর্মচারী রিয়াদকে (১৬) গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে রাজধানীর মতিঝিলের ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আরিফুল ইসলামের বিরুদ্ধে। এই অভিযোগে রিয়াদের বড় ভাই রিপন গতকাল বুধবার আরিফুলের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করেছেন।
অভিযোগ উঠেছে, রিয়াদের গুলিবিদ্ধ হওয়াকে ছিনতাইয়ের ঘটনা হিসেবে সাজিয়ে ওই রাতে তাকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ এ ঘটনায় ঘরোয়া হোটেলের ব্যবস্থাপক শফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হোটেলের মালিক পলাতক রয়েছেন। হোটেলটি বন্ধ রাখা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাতে স্বামীবাগে ওই হোটেলের কর্মচারীদের মেসে নিয়ে রিয়াদকে মারধর ও গুলি করে হত্যা করা হয়। ওই মেসের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ।