ঘরে-পথে পানি, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি অপসারণের ব্যবস্থা না থাকায় কিশোরগঞ্জ পৌর শহরের শোলাকিয়া এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। ১ সেপ্টেম্বর ​তোলা ছবি l প্রথম আলো
পানি অপসারণের ব্যবস্থা না থাকায় কিশোরগঞ্জ পৌর শহরের শোলাকিয়া এলাকায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। ১ সেপ্টেম্বর ​তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জ পৌরসভার বেশির ভাগ এলাকায় কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বাড়ি তৈরির জন্যই টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী বলছেন।

জলাবদ্ধতার জন্য চর শোলাকিয়া, হয়বতনগর, বত্রিশ, নিউ টাউন, ফিসারি রোড, নগুয়া শেষ মোড়, হারুয়া, কানিঘাটা, উকিলপাড়া, নীলগঞ্জ রোড, আলোর মেলা, গাইটালসহ বেশ কিছু এলাকার প্রায় ৫০ হাজার লোক ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে দিনের পর দিন পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী।
১ সেপ্টেম্বর চর শোলাকিয়া এলাকায় গিয়ে দেখা যায়, চলাচলের রাস্তা থেকে শুরু করে প্রায় ৫০টি ঘরের ভেতরে পানি ঢুকে গেছে। এ সময় এলাকার নুরুল ইসলাম, আহাম্মদ আলী, আবদুল কুদ্দুসসহ অনেকে জানান, কয়েক দিনের বৃষ্টিতে তাঁদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকের বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর, শৌচাগারেও পানি উঠেছে। তাই অনেকে পরিবার ও গবাদিপশু নিয়ে ঘর ছেড়ে অন্যত্র বাস করছেন।
চর শোলাকিয়া এলাকার মনু মিয়া ও আঙুর মিয়া বলেন, অনেক দিন জমে থাকায় পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অনেকে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি সাপের উপদ্রব বেড়ে গেছে। বিশেষ করে এই জলাবদ্ধতায় নারী ও শিশুদের বেশি ভোগান্তি হচ্ছে।

শহরের তেরিপট্টি, বড় বাজার, একরামপুর, মোরগ মহাল, নগুয়া, আখড়া বাজার, হারুয়া, খড়মপট্টি, কলেজ রোডসহ অনেক সড়কে হাঁটুপানি জমে আছে। ফলে ছোট-বড় যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বনানী মোড় এলাকার আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সানজানা আক্তার বলে, ‘জলাবদ্ধতার কারণে আমরা নিয়মিত স্কুলে যেতে পারি না।’ শহরের গাইটাল এলাকার স্কুলশিক্ষক শামিমা আক্তার বলেন, শুধু অতিবৃষ্টির জন্য শহরে পানি জমে যায় তা নয়, পৌর এলাকায় অপরিকল্পিত বাড়ি নির্মাণের কারণে এখানে বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌর বাসিন্দা মজিবুর রহমান ও ওমর আলী বলেন, অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় চলাচলের রাস্তা। এতে স্কুলের ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ইসমাইল হোসেন বলেন, প্রায় সব এলাকায় ড্রেনেজ ব্যবস্থায় সমস্যা আছে। এ কারণে সামান্য বৃষ্টিপাতেই রাস্তায় পানি জমে বাসাবাড়িতে ঢুকছে। এ ছাড়া অনেকে পৌর কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে অপরিকল্পিত বাড়ি নির্মাণ করায় পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে এই জলাবদ্ধতা নিরসনে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, নগুয়া এলাকায় পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণ করছে। নালা নির্মাণ শেষ হলে এই এলাকার জলাবদ্ধতা দূর হবে। চর শোলাকিয়া এলাকার নালার কাজটি দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া অনেক সড়ক ও নালা মেরামতের কাজ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।