ঘর্ঘর আওয়াজ খলিফাপট্টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত জাগা চোখগুলোতে রাজ্যের ক্লান্তি। চোখ কচলে ঘুম তাড়ানোর চেষ্টা করেন কেউ কেউ। রোজার পুরো মাসে কাজ শুরু হয় সকাল সাড়ে ১০টা থেকে। ইফতার আর সেহ্রির সময়টুকু বাদ দিয়ে ভোর চারটা পর্যন্ত কাজ চলে। দিন-রাত বিরামহীনভাবে ঘর্ঘর আওয়াজ তুলছে চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকার খলিফাপট্টির সেলাই মেশিনগুলো। যেখানে ৫০০ কারখানায় কাজ করছে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক।
নিপুণ হাতে তৈরি হচ্ছে হাল ফ্যাশনের ‘মাসাককালি’, ‘কিরণমালা’, ‘ফ্লোরটাচ’ বা ‘আনারকলি’। চলছে শিশুদের শার্ট-প্যান্ট ও বড়দের শার্ট তৈরির কাজও।
গতকাল সোমবার খলিফাপট্টির একটি কারখানায় গিয়ে দেখা যায়, এমব্রয়ডারি করা নীল আর কালো নেট কাপড়ে সোনালি পাথর বসানো হচ্ছে। সেলাইয়ের পর এই কাপড়টির পরিচিতি হবে ‘ফ্লোরটাচ’ নামে। কারিগরেরা জানান, মেয়েদের পোশাকের মধ্যে এই ঈদে ফ্লোরটাচ ও কিরণমালার কদর বেশি।
কারখানার শ্রমিক জ্যোৎস্না আকতার ফ্লোরটাচ পোশাকটি দেখিয়ে বলেন, ‘কত সুন্দর জামা। দেখলেই পরতে ইচ্ছে করে। কিন্তু সারা জীবনেও এ রকম কাপড় পরার সামর্থ্য হবে না।’
খলিফাপট্টির মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রোজার ঈদে কাজের চাপ অনেক বেড়ে যায়। আবার প্রয়োজনের তুলনায় শ্রমিকও কম। তাই দিনে ১৮ ঘণ্টা কাজ করতে হচ্ছে। বছরের অন্য সময় কাজ চলে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত। অনেক কারখানায় শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে দিন-রাত কাজ করছেন মালিকও।
খলিফাপট্টিতে প্রায় ১০ বছর ধরে কাজ করেন কামরুল হাসান। তাঁর বেতন পাঁচ হাজার। ছেলেদের পোশাক সেলাইয়ের কারিগর তিনি। আক্ষেপ করে প্রথম আলোকে তিনি বলেন, ‘এত এত কাপড় সেলাই করি। কিন্তু পরার ভাগ্য আমাদের হয় না। অন্যদের জন্য নতুন কাপড় সেলাই করলেও আমাদের ঈদ কাটে পুরোনো কাপড়ে।’ তিনি জানান, মালিকের ইচ্ছে হলে বোনাস দেয়। কিন্তু ওই টাকায় ভালো কাপড় কেনা যায় না।
খলিফাপট্টিতে দুই বছর আগে কারখানা দিয়েছেন মাকসুদ আহমেদ। এর আগের টানা ১২ বছর অন্যের কারখানায় চাকরি করতেন। তিনি জানান, তাঁর কারখানায় পাঁচজন কাজ করেন। শ্রমিকদের মধ্যে নিজের ছোট ভাই ও ভাতিজাও রয়েছে। ঈদে কাজের চাপ সামাল দিতে নিজের দুলাভাই মো. মিলনকেও নিয়ে এসেছেন।
অনেক কারখানাতে ঈদের কাজের চাপ সামাল দিতে রোজার আগে কারিগর নিয়োগ দেওয়া হয়। তবে তাঁদের সংখ্যা বেশি নয় বলে জানান খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। তিনি বলেন, খলিফাপট্টিতে সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। প্রায় সবার বাড়ি নোয়াখালীতে। নিজের আত্মীয়স্বজন ও গ্রামের লোকজনকে নিয়েই পোশাক তৈরির কাজ চলে এখানে।
খলিফাপট্টির শ্রমিকদের ৬০ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে। কাজের শুরুতে বছর দুয়েক নগদ টাকা পায় না তারা, কারখানার ভেতরে থাকা-খাওয়ার বিনিময়ে শেখার পাশাপাশি কাজও করতে হয় তাদের। এই শিশু-কিশোরদের ডাকা হয় ‘হেলপার’। তাদের কাজ পোশাকের সুতা কাটা, কাপড় ভাঁজ করে প্যাকেট করা ও সেলাই কারিগরদের সহায়তা করা। হেলপার ও শ্রমিকদের প্রায় সবাই কারখানাতেই থাকে।
হেলপারদের বেতন না দেওয়া বিষয়ে মালিকদের ভাষ্য, তারা অদক্ষ, থাকা-খাওয়ার বিনিময়ে কাজ শেখে তারা। মেশিনে সেলাই করার যোগ্যতা অর্জন করতে পারলেই বেতন দেওয়া হয়। বেশির ভাগ কারিগরের বেতন তিন থেকে পাঁচ হাজারের মধ্যে, কাটিং মাস্টাররা পান আরেকটু বেশি, সাত-আট হাজার।