ঘষা দিলেই ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো নোট। এর ওপর সাদা পাউডার লাগানো। একটি পাত্রে এই নোট রেখে এর সঙ্গে এক ধরনের বিশেষ তরল রাসায়নিক মিশিয়ে হাত দিয়ে ঘষা দেওয়ামাত্রই নোটের কালো রং উঠে গিয়ে বেরিয়ে আসে মার্কিন ডলারের আসল নোট! এটি কোনো জাদু নয়, এক ধরনের প্রতারণা।

আসল ডলারের কয়েকটি নোটে কালো রং লাগিয়ে প্রলোভন দেখানো হতো। এই লোভের ফাঁদে যাঁরা পা দিতেন, তাঁদের কাছে প্যাকেট করা কালো নোটের বান্ডিল ও পাউডার বিক্রি করা হতো। কিন্তু পরে দেখা যেত, ঘষা দিলেও আর ডলার মিলছে না। বরং বের হয়ে আসছে সাদা কাগজ। এভাবে প্রতারণার অভিযোগে আফ্রিকার বিভিন্ন দেশের নয়জন নাগরিক ও একজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে র‍্যাব। গত রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাব-২-এর একটি দল তাঁদের আটক করে। আটক বিদেশিদের মধ্যে ছয়জন ক্যামেরুন, দুজন লেসেথো ও একজন কঙ্গোর নাগরিক। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি জাল নোট, জাল নোট তৈরির রাসায়নিক উপাদান, প্রয়োজনীয় সরঞ্জাম, ইয়াবা বড়ি, মুঠোফোন ও মুঠোফোনের সিম জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ।

আগারগাঁওয়ে র‍্যাব-২-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মহিউদ্দিন আহমেদ বলেন, আটক আফ্রিকানরা জাল নোট তৈরির আন্তর্জাতিক চক্রের সদস্য। এই চক্রের সদস্যরা বিভিন্ন লোককে মুঠোফোনে মেসেজ ও ই-মেইল করতেন। এতে বলা হতো, তাঁদের কাছে প্রচুর অব্যবহৃত মার্কিন ডলার রয়েছে। বাংলাদেশে এই ডলার তাঁরা বিনিয়োগ করতে চান। এই ডলারের নোট কালো রং করে এ দেশে আনা হয়েছে। এভাবে প্রতারক চক্রটি বেশ কয়েকজনের সঙ্গে চুক্তি করে। তাঁদের কাছে ডলারের কালো নোট, জাল ডলার ও রাসায়নিক উপাদান বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো। এ ছাড়া মাদক ব্যবসায়ও এই চক্রের সদস্যরা জড়িত ছিলেন।

র‍্যাব জানায়, আটক বিদেশিদের কাছে পাসপোর্ট ছিল না। তাঁদের মধ্যে অনেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এখানে এসে তাঁরা বাংলাদেশিদের বিয়ে করে বসবাস করছেন।