ঘষিয়াখালী দিয়ে বিদ্যুৎকেন্দ্রের কয়লা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নসরুল হামিদ
নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের ওপর স্থানীয় মানুষের নির্ভরশীলতা কমবে। এতে বিকল্প কর্মসংস্থান হবে, যা সুন্দরবন সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
রাজধানীর বিদ্যুৎ ভবনে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবনের ভেতর দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লা পরিবহন হবে না। ঘষিয়াখালী খাল দিয়ে ওই কয়লা পরিবহন হবে।
নসরুল হামিদ বলেন, দেশে উন্নয়নের নতুন দিগন্তের দ্বার উন্মোচনকারী বাগেরহাটের রামপালে নির্মিতব্য ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নিয়ে একটি মহল, কতিপয় ব্যক্তি ও সংগঠন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। এমন সব কর্মকাণ্ড করছে যা ভিত্তিহীন, দেশের স্বার্থবিরোধী, উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই না।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ বিদ্যুৎ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্য বলেন, যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের ৪০ শতাংশই কয়লা থেকে আসে। বাংলাদেশে তা মাত্র ২ শতাংশ। বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান এমন জায়গায় অবস্থিত যে সেখান থেকে ধোঁয়ামিশ্রিত বাতাস সুন্দরবনের দিকে যাবে না। ফলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মো. শাহজাহান বলেন, ৬৬টি শর্তে রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়েছে। তা যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কথা নয়। তবে ওই শর্তগুলো সঠিকভাবে পালন হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি পর্যবেক্ষণ প্রক্রিয়া দরকার। শর্তের মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির জন্য যে ভালো মানের কয়লার কথা বলা হয়েছে, তাও নিশ্চিত করতে হবে।
দেশে এত জায়গা থাকতে সুন্দরবনের পাশে রামপালে কেন বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে সারা দেশের প্রতিটি অঞ্চলকে গুরুত্ব দিয়েছি। ফলে পটুয়াখালীতে যেমন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তেমনি কক্সবাজারে ও রামপালেও হচ্ছে। সমালোচনা থাকবে, ভিন্ন মতও থাকবে, এটাই স্বাভাবিক। এই প্রকল্পের মাধ্যমে যেন সুন্দরবনের কোনো ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করেছি।’