ঘাগড়া এলাকায় ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রাঙামাটির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, গত ১৫ দিনের মধ্যে কয়েক দিন পরপর প্রবল বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের চম্পাতলী এলাকার ১৭ কিলোমিটার অংশের প্রায় ৫০ ফুট ভেঙে গেছে। চম্পাতলী ছড়ার ঢলের আঘাত এবং পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি ওই স্থানে ভাঙনের সৃষ্টি করেছে। খুব শিগগির সেখানে প্রতিরক্ষা দেয়াল না দিলে মূল সড়কটি ভেঙে যাবে।
গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, চালকদের সতর্কতার জন্য সড়কের দুই দিকে পতাকা দেওয়া হয়েছে। সড়কের পূর্ব অংশের প্রায় ২৫ ফুট নিচে চম্পাতলী ছড়া। ছড়া থেকে ভাঙন সৃষ্টি হয়ে মূল সড়কের দেড় থেকে দুই ফুট ভেঙে গেছে। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে। সড়কের নিচে প্রায় পাঁচ ফুট গভীরে মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় আনসার ক্যাম্পে পানি সরবরাহের পাইপ ও ইন্টারনেট সংযোগের ভূগর্ভস্থ তার বের হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে সড়কটি ভেঙে যেতে পারে বলে সড়ক বিভাগের লোকজন আশঙ্কা প্রকাশ করেছেন।
সওজের উপসহকারী প্রকৌশলী মো. আবু মুসা বলেন, সড়কের যে অংশ ভেঙে গেছে, ওই অংশে পাহাড়ের ওপর থেকে নেমে আসা পানি গড়িয়ে পড়ে। আবার পাহাড়ি ঢলও ওই স্থানে নিচের দিকে আঘাত করে। দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা না হলে সম্পূর্ণ সড়ক ভেঙে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।