ঘাঘট থেকে অবৈধভাবে বালু তুলছেন কাউন্সিলর
রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজের পুকুর ভরাট করছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে নগরের হাজিরহাটের পূর্ব মন্থনার জোলাপাড়া এলাকায় ঘাঘট নদে শ্যালো ইঞ্জিন বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলার কারণে নদীর পাড় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এভাবে বালু তোলা চলতে থাকলে পাড় ভেঙে স্থানীয় বাসিন্দাদের আবাদি জমি নদে বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাউন্সিলর রফিকুল ইসলাম নদ থেকে বালু তুলে নিজের একটি পুকুর ভরাট করছেন। জোলাপাড়া গ্রামের কৃষক শামসুল ইসলাম বলেন, এর আগে এই এলাকার পাশ থেকে অনেকেই বালু তুলেছেন। এ কারণে অনেক আবাদি জমি ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়েছে। আরও অনেক জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বালু তোলার কথা স্বীকার করেন কাউন্সিলর রফিকুল ইসলাম। তবে তিনি দাবি করেন, কাউন্সিলরের একটি কার্যালয় নির্মাণ করতে পুকুরটি ভরাট করার জন্য বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু উত্তোলন যে বেআইনি তা তিনি জানেন না।
রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিলুফা সুলতানা বলেন, বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন।