ঘাঘট নদ থেকে অবৈধ দখল উচ্ছেদ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের বুক চিরে প্রবাহিত হয়েছে ঘাঘট নদ। পরিত্যক্ত এই নদ থেকে অবৈধ দখল উচ্ছেদ হচ্ছে না। কবে নাগাদ হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। উপরন্তু রাতারাতি নদের দুই ধারে বসতবাড়ি ও দোকানপাট গড়ে উঠছে। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা খুঁটি পুঁতে নদের জায়গা দখল করছেন। এ নিয়ে বিস্তর লেখালেখি এমনকি আন্দোলন হলেও পৌর কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গাইবান্ধা পৌরসভার মেয়র মো. শামছুল আলম প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত ঘাঘট নদের কী পরিমাণ জায়গা অবৈধ দখল হয়েছে, তা জরিপ করা হচ্ছে। জরিপের কাজ শেষ হলে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০০০ সালের দিকে লুপ-কাটিং করে নতুন নদী খনন করায় ঘাঘট নদটি পরিত্যক্ত হয়ে পড়ে। শহরের পূর্বে কুঠিপাড়া থেকে পশ্চিমে সরকারপাড়া পর্যন্ত নদের পরিত্যক্ত অংশের দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। কিন্তু পরিত্যক্ত হওয়ার পর থেকে প্রশাসনের উদ্যোগের অভাবে নদের দুই তীর ঘেঁষে অবৈধভাবে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়ি ও দোকানপাট নির্মিত হয়। গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক বলেন, জেলা প্রশাসকের বাসভবন, পৌরসভার প্রশাসনিক ভবন ও সদর উপজেলা ভূমি কার্যালয়ের পাশে নদ দখলের ঘটনা ঘটলেও দেখার কেউ নেই। তিনি অভিযোগ করেন, অবৈধ দখল উচ্ছেদের দায়িত্ব জেলা প্রশাসনের। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসন অবৈধ দখল উচ্ছেদে কোনো পদক্ষেপ নিচ্ছে না। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, উচ্ছেদের দায়িত্ব জেলা প্রশাসনের ঠিক। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের কাছে কোনো সহায়তা চায়নি। তিনি বলেন, বর্তমানে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অবৈধ দখলদারদের তালিকা তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে উচ্ছেদ অভিযান চালানো হবে। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের সরকারপাড়া, ডেভিডকোংপাড়া, ব্রিজ রোড, একোয়াস্টেটপাড়া, কালিবাড়ী, কুঠিপাড়া ও সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মিয়াপাড়া, পূর্ব কোমরনই এলাকার আট শতাধিক লোক নদের জায়গা দখল করে নিয়েছে। গাইবান্ধা পরিবেশ বাঁচাও কমিটির সদস্যসচিব জিয়াউল হাফিজ বলেন, পরিত্যক্ত ঘাঘট নদকে হ্রদে রূপান্তরের দাবিতে অসংখ্যবার জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। সভা-সমাবেশ ও মানববন্ধন হয়েছে। কিন্তু কাজ হয়নি। অথচ হ্রদ তৈরি হলে এটি বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে। অবৈধ দখলদার গাইবান্ধা শহরের নুরু মিয়া বলেন, ‘পতিত থাকার কারণে আপাতত দখল করেছি। পরে ইজারা নেব।’ পূর্বপাড়ার দখলদার জদরুল বলেন, ‘অনেকেই তো নদের জায়গা দখল করেছে। আমি নিজেও কয়েক শতক জায়গায় ঘর তুলেছি। সরকার চাইলে ছেড়ে দেব।’ অবৈধ দখলদারদের অনেকে একই মন্তব্য করেন।মেয়র মো. শামছুল আলম আরও বলেন, পৌরসভার উদ্যোগে এই নদে বিনোদন হ্রদ তৈরির জন্য দুই কোটি টাকার একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি ১০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। অচিরেই দরপত্র আহ্বান করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের সৌন্দর্য বাড়বে।