ঘাঘট নদ থেকে বালু তুলে জমি ভরাট, ভাঙছে তীর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু তুলে বাড়ি নির্মাণের জন্য জমি ভরাট করা হচ্ছে। স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি শ্রমিক নিয়োগ করে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর তীরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়নে বেতগাড়া গ্রামে ঘাঘট নদে শ্যালো যন্ত্র বসিয়ে ১০-১২ দিন ধরে বালু তোলা হচ্ছে। ওই এলাকার আফজাল হোসেন প্রায় পৌনে এক কিলোমিটার দূরে বাড়ি নির্মাণের জন্য নিচু জমি ভরাট করতে বালু তুলছেন। নদীর মধ্যে পাইপ বসিয়ে পৌনে এক কিলোমিটার দূরের ওই জমিতে বালু ফেলা হচ্ছে। বালু তোলায় ওই এলাকার আশপাশের জমিগুলো ভাঙছে।সরেজমিনে দেখা গেছে, বিরাট পাইপ লাগিয়ে ঘাঘট নদ থেকে বালু তোলায় আশপাশের আবাদি জমি ভাঙছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, তাঁর ১০ শতাংশ আবাদি জমি বালু তোলার কারণে ভেঙে গেছে। আরও এক কৃষকের ২২ শতাংশ জমি ভাঙনের মুখে পড়েছে। একই স্থান থেকে বালু উত্তোলনের কারণে প্রায় ৪০ শতাংশ আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখনো ভাঙন অব্যাহত আছে।বালু উত্তোলনকারী আফজাল হোসেন বলেন, যেখান থেকে বালু তোলা হচ্ছে, সে জায়গার আশপাশের অধিকাংশ জমি তাঁর। অবৈধ ও নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নদ থেকে কেন বালু উত্তোলন করা হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, ‘এতে তো তেমন কোনো ক্ষতি হচ্ছে না। ইউনিয়ন পরিষদকে অবহিত করেই বালু তোলা হচ্ছে।’ভাংনী ইউপির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘বালু তোলার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে আইনি বাধা আছে বলে ওনাকে (আফজাল হোসেন) জানানো হয়েছে। কিন্তু এর পরও তিনি ইচ্ছেমতো বিরাট পাইপ বসিয়ে বালু তুলছেন।’মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, নদ থেকে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে বিষয়টি জানানো হয়নি। বিষয়টি তিনি গুরুত্বসহকারে দেখবেন।