ঘাঘট সেতুতে অটোরিকশার স্ট্যান্ড, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ঘাঘট সেতু বেদখল হয়ে গেছে। সেতুর ওপরে গড়ে উঠেছে অটোরিকশার স্ট্যান্ড। এমনকি সেতুর ফুটপাতও দখলে নিয়েছেন ভ্রাম্যমাণ ফল বিক্রেতারা। সেখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসহনীয় যানজট লেগে থাকে। পাশাপাশি ফুটপাত দিয়ে চলাচল দুষ্কর হয়ে পড়েছে।
গাইবান্ধা নাগরিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বলেন, উত্তর দিক থেকে জেলা শহরে ঢুকতে হলে সেতু ছাড়া বিকল্প কোনো পথ নেই। গাইবান্ধা সদর উপজেলার ছয়টি ও সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ এই সেতুর ওপর দিয়ে শহরে যাতায়াত করে। এ ছাড়া রংপুর থেকেও অনেক যানবাহন এই সেতু দিয়ে শহরে আসে। কিন্তু সেতুর ওপর অবৈধভাবে অটোরিকশার স্ট্যান্ড গড়ে ওঠায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করেও কোনো কাজ হচ্ছে না।
গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৮৬ সালে শহরের প্রধান ডাকঘর কার্যালয়সংলগ্ন ঘাঘট নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় প্রায় দুই কোটি টাকা।
শহরের ব্রিজ রোডের কলেজশিক্ষক অশোক সাহা বলেন, সেতুর দুই পাশে সারা দিন অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ফলে দুটি রিকশা পরস্পরকে অতিক্রম করতে পারে না। এ অবস্থায় বাস বা ট্রাক ঢুকলে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। তখন গাইবান্ধার মতো ছোট্ট শহরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের অটোরিকশাচালক হোসেন আলী ও সাজু মিয়া বলেন, সেতুর ওপর অটোরিকশা রাখার কারণে যানজট হচ্ছে, এটা ঠিক। কিন্তু শহরে কোনো অটোরিকশার স্ট্যান্ড নেই। তাই বাধ্য হয়ে রাখা হচ্ছে।
শহরের ব্রিজ রোড এলাকার ব্যবসায়ী নবিজল হক বলেন, ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের কারণে সেতুর ফুটপাত দিয়ে যাতায়াত করা যায় না; বিশেষ করে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীরা বেশি বিপাকে পড়ে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি।
শহরের কুটিপাড়ার ভ্রাম্যমাণ ফল বিক্রেতা কাশেম মিয়া বলেন, ‘দখল কি না জানি না, সেতুর ওপর বিক্রি বেশি, তাই ব্যবসা করছি।’
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, সেতু এলাকায় যানজট নিরসনে সার্বক্ষণিক একজন ট্রাফিক কনস্টেবল রাখা হয়েছে।
গাইবান্ধা অটোরিকশা-অটোটেম্পো-ট্যাক্সি-মিশুক-কার পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শামীম উল হক বলেন, পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে শহরে এ ধরনের সহস্রাধিক যানবাহন চলাচল করছে। এ ছাড়া প্রতিবছর পৌরসভাকে নবায়ন ফি দেওয়া হয়। পৌর কর্তৃপক্ষ ফি নিয়েও স্ট্যান্ডের ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে না।
পৌর মেয়র শামছুল আলম প্রথম আলোকে বলেন, ‘সেতুর ওপর থেকে অটোরিকশার স্ট্যান্ড উচ্ছেদের দায়িত্ব প্রশাসনের। আমি নিজেও আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি। অটোরিকশার স্ট্যান্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু জায়গা পাওয়া যাচ্ছে না।’