ঘাঘটে বাঁধ দিয়ে বালু ব্যবসা থামছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের দমদমা সেতুর কাছে ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু ট্রাকে বহন করার জন্য নদে অবৈধভাবে আড়াআড়ি বাঁধও দেওয়া হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
রংপুর নগরের দমদমা সেতুর কাছে ঘাঘট নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেই বালু ট্রাকে বহন করার জন্য নদে অবৈধভাবে আড়াআড়ি বাঁধও দেওয়া হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রংপুর নগরের তামপাট এলাকায় ঘাঘট নদে আড়াআড়ি বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন থামছেই না। এলাকার প্রভাবশালী ব্যবসায়ী আমিনুল ইসলাম শীত মৌসুম এলেই এভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে যাচ্ছেন। এবারও দুই মাস ধরে তিনি বালু তুলে ব্যবসা করলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, তিন বছর ধরে শীত মৌসুম এলেই নদের বিভিন্ন স্থান থেকে বালু তুলে ব্যবসা করে চলেছেন আমিনুল। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বালু উত্তোলন সাময়িক বন্ধ হলেও কিছুদিনের মধ্যে তা আবার শুরু হয়। গত বছর প্রথম আলোতেও অবৈধভাবে বালু উত্তোলন ও ব্যবসা নিয়ে খবর ছাপা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তামপাট এলাকার মহাসড়কসংলগ্ন দমদমা সেতুর প্রায় ৫০০ গজ পশ্চিমে ঘাঘট নদের দুটি স্থানে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে ট্রাক চলাচলের জন্য সড়ক করা হয়েছে। নদের মধ্যে নির্মিত সড়কটির প্রস্থ প্রায় ১৫ ফুট। তবে নির্মিত সড়কের মাঝখানে নদের পানি প্রবাহের জন্য সামান্য ছিদ্র রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, দুটি শ্যালো যন্ত্র বসিয়ে পাইপ লাগিয়ে বালু তোলা হচ্ছে। এই বালু নদের চরের মধ্যে নিয়ে ফেলা হয়। সেখান থেকে এই বালু ট্রাকে করে নদের ওপরে নির্মিত সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টায় কমপক্ষে ৩০ ট্রাক বালু নিয়ে যেতে দেখা গেছে। এক ট্রাক বালুর ৫০০-৭০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এলাকাবাসী বলেন, ব্যবসায়ী আমিনুলের এভাবে অবৈধভাবে ব্যবসা করা বন্ধের জন্য তাঁদের পক্ষ থেকে সিটি করপোরেশনে জানানো হলেও তা বন্ধ হচ্ছে না। তবে ভ্রাম্যমাণ আদালতের ভয়ে মাঝেমধ্যে লোকদেখানো বন্ধ রাখা হয়। সুযোগ বুঝে বালু তোলা আবার শুরু করা হয়। এভাবে বালু উত্তোলনের ফলে নদের পাশে লক্ষ্মণপাড়া গ্রামের অনেক কৃষকের আবাদি জমি ভেঙে গেছে।
কৃষক আবদুর রাজ্জাকের প্রায় ২২ শতাংশ জমি নদীগর্ভে বিলীন হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। তিনি বলেন, ‘এখন ৪০ শতাংশ আবাদি জমি রয়েছে। এভাবে বালু তোলা চলতে থাকলে একসময় আমাদের কোনো আবাদি জমিই আর থাকবে না।’
জানতে চাইলে ব্যবসায়ী আমিনুল প্রথম আলোকে বলেন, ‘নদী (নদ) ভরাট হয়ে যাওয়ায় সেখান থেকে বালু উত্তোলন করছি।’ এ ব্যাপারে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।
নগরের ৩২ নম্বর ওয়ার্ডের তামপাট এলাকায় অবৈধভাবে এই বালু উত্তোলন চলছে। এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন, এর আগে সিটি করপোরেশনের পক্ষ থেকে কয়েকবার সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদোন্নতি হওয়ায় অন্য স্থানে চলে গেছেন। তাই অভিযান চালানো যাচ্ছে না।’
২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে—বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদ-নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক-মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।