ঘাঘটের ভাঙনে হুমকিতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সদর উপজেলায় ঘাঘট নদের ভাঙনে গত ১৫ দিনে ৩০টি পরিবারের ৪০ একর আবাদি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বধ্যভূমি। সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার তামপাট ইউনিয়নের লক্ষ্মণপাড়া গ্রামের শেখপাড়া, গুলগ্রাম ও তুরারঘাট এলাকার প্রায় দুই কিলোমিটারে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন অব্যাহত থাকায় নদী থেকে প্রায় ৩০০ গজ দূরতে বধ্যভূমি ও রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। বধ্যভূমিটি একই গ্রামের দমদমা সেতুর কাছে। ১৯৭১ সালে কারমাইকেল কলেজের কয়েকজন শিক্ষককে এখানে হত্যা করা হয়। এখানে একটি স্মৃতিস্তম্ভ আছে।এলাকাবাসী জানান, ভাঙন ঠেকাতে এখনই ব্যবস্থা না নিলে বধ্যভূমি ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের তিনতলা ভবন নদীতে বিলীন হয়ে যাবে।লক্ষ্মণপাড়ার আজিজ মিয়া বলেন, ‘এবারও ভাঙনোত বাড়িঘর সরা লাগছে।’ গত আট বছরে তিনি তিনবার বাড়ি অন্যত্র সরিয়েছেন। গত ১৫ দিনের ভাঙনে লক্ষ্মণপাড়ার আনজার ইসলামের এক একর, আনছার আলীর দেড় একর, বাদশা মিয়ার ২৫ শতাংশ, নুরুল হুদার ২২ শতাংশসহ আরও প্রায় ৩০ পরিবারের ৪০ একর আবাদি জমি নদীভাঙনে বিলীন হয়েছে। স্থানীয় তামপাট ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আনারুল ইসলাম বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তামপাট ইউপির চেয়ারম্যান হাসান আলী বলেন, নদীভাঙন রোধে এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে একটি আবেদন দিয়েছে। ইতিমধ্যে অনেকের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। পাউবোর রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর আবেদনটি তিনি পেয়েছেন। ওই এলাকায় ভাঙন বন্ধ করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।