ঘাঘটের সেই বাঁধ ভেঙে দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ঘাঘট নদে বালু ফেলে নদীর মাঝ দিয়ে তৈরি বাঁধ গতকাল বৃহস্পতিবার ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বালু উত্তোলন বন্ধ করে যন্ত্রগুলো সরিয়ে ফেলা হয়েছে। গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় ‘অবৈধভাবে তোলা বালু পরিবহনে নদে বাঁধ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি পরিবেশ অধিদপ্তরের নজরে আসে। ওই বিভাগের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ঘাঘট নদের ওপর নির্মিত বাঁধ দেওয়া এবং সেখান থেকে বালু উত্তোলন অবৈধ জানিয়ে দুই বালু ব্যবসায়ী মোখলেছার রহমান ও মোন্নাফ আলীকে গত ৩১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরিবেশ অধিপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রংপুর সদর উপজেলার ঘাঘট নদে বেআইনি বাঁধ নির্মাণের ফলে নদীর পানির ধারণক্ষমতা হ্রাস, নদীর পানিপ্রবাহ বিঘ্নিত, মৎস্য ও জলজ প্রাণীর ক্ষতি ও নদীর তীরবর্তী এলাকায় কৃষি উৎপাদন বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী নদী ভরাট দণ্ডনীয় অপরাধ, যা পরিবেশ ও প্রতিবেশের বিপর্যয় ঘটায়। নদে বাঁধ দিয়ে বালু উত্তোলনকারীর মধ্যে মোন্নাফ আলী বলেন, ঢাকার পরিবেশ অধিদপ্তর থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। বাঁধ ভেঙে ফেলাসহ বালু তোলা নিষিদ্ধ করার জন্য বলা হয়। সে অনুযায়ী এই বাঁধ ভেঙে ফেলা হয়।