ঘাট উদ্বোধনের ১১ বছরেও ফেরি নেই
উদ্বোধনের ১১ বছর পরও খুলনার দাকোপ উপজেলার চুনকুড়ি নদীর পোদ্দারগঞ্জ ঘাটে ফেরি দেওয়া হয়নি। ফেরির অভাবে প্রতিদিন উপজেলার চার ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এলাকাবাসী জানায়, উপজেলার চালনা পৌরসভার সঙ্গে বানিশান্তা, বাজুয়া, কৈলাশগঞ্জ ও দাকোপ ইউনিয়ানের যোগাযোগ সহজ করতে ২০০১ সালে পোদ্দারগঞ্জ খেয়াঘাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে একটি ফেরি দেওয়ার কথা। এলজিইডি ফেরি চলাচলের জন্য চুনকুড়ি নদীর পূর্ব ও পশ্চিম পাশে দুটি পন্টুনও বসায়। কিন্তু ফেরি না দেওয়ায় ২০০৩ সালে মরিচা ধরে ছিদ্র হয়ে পন্টুন দুটি নদীতে ডুবে যায়।সরেজমিনে দেখা গেছে, লোকজন ট্রলারে করে নদী পার হচ্ছে। এ সময় একটি ট্রাক্টরকে দুটি ট্রলার দিয়ে এপার থেকে ওপারে নিয়ে যেতে দেখা যায়। ঘাটে পন্টুন না থাকায় যাত্রীদের ওঠানামা করতে ভীষণ সমস্যা হয়। ভাটার সময় পানি নেমে যাওয়ায় যানবাহন এ ঘাট দিয়ে পারাপার করা সম্ভব হয় না। নদীর এপার থেকে ওপারের দূরত্ব ৫০০ গজ। ভাটার সময় ওই দূরত্ব অতিক্রমের জন্য যানবাহনগুলো সড়কপথে উপজেলার পানখালী হয়ে পাঁচ কিলোমিটার ঘুরে চলাচল করে। ট্রাক্টরের মালিক আমিনুল ইসলাম বলেন, এভাবে ভারী যানবাহন পার করা খুব কঠিন। যেকোনো সময় ট্রাক্টর পানিতে পড়ে যেতে পারে। বাজুয়ার রবিন মণ্ডল বলেন, ‘১১ বছর পার হয়ে গেল ফেরি দেখতি পালাম না। প্রত্যেক দিন ১০-১৫ হাজার মানুষ এই রহম কষ্ট করে পার হয়। সরকার তা দেহে না।’ এলজিইডি খুলনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রতন কুমার দে বলেন, ফেরি দেওয়ার আগেই ঘাট উদ্বোধন করা হয়। সেই সময় ওই ঘাটের জন্য বরাদ্দ দেওয়া ফেরিটি আরও গুরুত্বপূর্ণ দিঘলিয়ার নগরঘাটে দেওয়া হয়। এরপর সংকট থাকায় ওই ঘাটে আর ফেরি দেওয়া সম্ভব হয়নি। পাঁচ বছর আগে ঊধ্বর্তন কর্তৃপক্ষ এলজিইডির তত্ত্বাবধানে থাকা ফেরিগুলো দিঘলিয়া উপজেলা পরিষদে হস্তান্তর করতে বললে সেগুলো সেখানে দেওয়া হয়। এখন এলজিইডির কাছে কোনো ফেরি নেই।খুলনা-১ আসনের (বটিয়াঘাটা-দাকোপ) সাংসদ ননীগোপাল মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমি সওজ বিভাগ থেকে ওই ঘাটে একটি ফেরি দেওয়ার ব্যবস্থা করব।’