
দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘাট ও ফেরি স্বল্পতার কারণে কয়েক দিন ধরে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় চারটির মধ্যে দুটি ঘাট দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। যথাসময়ে গাড়ি পার হতে না পারায় উভয় ঘাটে দেখা দিয়েছে গাড়ির জট। গতকাল রোববার দুপুরে দৌলতদিয়া প্রান্তে তিন কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, গুরুত্বপূর্ণ এই নৌপথে সার্বক্ষণিক ১৮টি ফেরি থাকা দরকার। বর্তমানে ১৫টির সঙ্গে শনিবার আরও একটি ফেরি যুক্ত হয়ে চলছে ছোট-বড় ১৬টি ফেরি। প্রয়োজনের তুলনায় কমসংখ্যক ফেরি থাকায় যথাসময়ে গাড়ি পার হচ্ছে না। দৌলতদিয়ায় পাঁচটি ঘাট থাকলেও সচল রয়েছে চারটি। এর মধ্যে কয়েক দিন ধরে ১ ও ২ নম্বর ঘাটের সামনে খননযন্ত্র (ড্রেজার) ও তার যন্ত্রাংশ থাকায় সহজে কোনো ফেরি ভিড়তে পারছে না বা যানবাহন ওঠানামা করতে পারছে না। বাকি ৩ ও ৫ নম্বর ঘাট দুটি সচল থাকায় বাড়তি চাপ পড়ছে। মাঝেমধ্যে ফেরির জটও বেধে যায়। এসব সমস্যার পর মাঝেমধ্যে মধ্যরাতে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকে। কখনো ফেরি সম্পূর্ণ বন্ধ না হলেও ফেরি চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতে খুব ধীরগতিতে ফেরি চালাতে হয়। গতকাল সকাল আটটার পর থেকে দশটা পর্যন্ত কুয়াশায় ফেরি বন্ধ না হলেও পারাপার ব্যাহত হয়। এসব কারণে উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দুই-তিন কিলোমিটার দূরে গাড়ি ফেলে দীর্ঘ পথ হেঁটে লঞ্চ ও ফেরিঘাটে পৌঁছাতে হচ্ছে অনেককে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, ১ নম্বর ঘাটের সামনে পানির গভীরতা কম। তারপর ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে খননযন্ত্রের যন্ত্রাংশ। পাশের ২ নম্বর ঘাটের অবস্থাও প্রায় এক রকম। তার পাশে ৩ নম্বর ও ৫ নম্বর ঘাট চালু থাকায় ঘাট দুটির সামনে কয়েকটি ফেরির জটলা। একটি আনলোডের পর গাড়ি লোড করে ছেড়ে যাওয়ার পর আরেকটি ভিড়ে আনলোড ও লোড নিচ্ছে। ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার লম্বা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক জুড়ে গাড়ির দুই-তিনটি সারি। এর মধ্যে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ও সাধারণ গাড়ি রয়েছে। আগের দিন মধ্যরাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা অনেক যাত্রীবাহী নৈশকোচও রয়েছে।

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা এক্সপ্রেস নামের পরিবহনের চালক শেখ শাহিন বলেন, ‘রাত পৌনে একটার দিকে ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজারের কাছে যানজটে আটকা পড়ি। রাত পার হয়ে প্রায় ১২ ঘণ্টা চললেও এখনো ফেরিঘাট থেকে এক কিলোমিটার দূরে আছি।’ তিনি অভিযোগ করেন, রাত প্রায় তিনটা পর্যন্ত অনেক যাত্রীবাহী বাস রেখে কাঁচামালের গাড়ি আগে পার করায় ভোগান্তি বেশি হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে কর্তব্যরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মৃদুল রঞ্জন দাস বলেন, ফেরি ও ঘাট কম থাকায় এবং কুয়াশার কারণে পারাপার ব্যাহত হওয়ায় গাড়ির চাপ পড়েছে। এর মধ্যে কর্তৃপক্ষের নির্দেশে যাত্রীবাহী বাস, কাঁচা পচনশীল গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাট ও ফেরি স্বল্পতা ছাড়াও বিজয় দিবসের ছুটি থাকায় বিপুলসংখ্যক অতিরিক্ত গাড়ি চলে ও মানুষ বাড়িতে আসে। এসব গাড়ি ও মানুষ ফের কর্মস্থলে ছুটে চলায় ঘাটে বাড়তি চাপ তৈরি হয়েছে। পাশাপাশি কুয়াশার কারণেও যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।