ঈদ সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ও ঘাট এলাকায় জুয়াড়ি ও ছিনতাইকারীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। ছিনতাইকারীরা গতকাল শুক্রবার ভোরের দিকে দক্ষিণ কোরিয়া-ফেরত জাকির হোসেন নামের এক ব্যক্তির আট লক্ষাধিক টাকা মূল্যমানের ডলার ও সাড়ে ছয় ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নিয়েছে।এ ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা করেছেন। পুলিশ ভোর ছয়টার দিকে অভিযান চালিয়ে চক্রের সদস্য উত্তর দৌলতদিয়া ইমানখাঁর পাড়ার নজরুল বেপারীকে (২৫) গ্রেপ্তার করেছে।গোয়ালন্দঘাট থানার পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের জাকির হোসেন (৩১) প্রায় ১৪ মাস পর গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় ফেরেন। রাতেই তিনি স্ত্রী, সন্তান ও স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। পাটুরিয়াঘাট থেকে রাত সাড়ে তিনটার দিকে ফেরিতে উঠলে ছিনতাইকারীরা তাঁদের অনুসরণ করে। ফেরিটি ভোররাত সোয়া চারটার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ঘাটে পৌঁছার আগ মুহূর্তে জাকির হোসেনের শ্যালক শিমুলকে ছিনতাইকারীরা আক্রমণ করে। তাঁকে উদ্ধার করতে জাকির হোসেন এগিয়ে গেলে চারদিক থেকে ১২-১৩ জন ঘিরে ফেলে অস্ত্রের মুখে গলায় থাকা পাঁচ ভরি ও দেড় ভরি ওজনের দুটি সোনার চেইন এবং পকেটে থাকা ১০ হাজার ১০৩ ডলার ছিনিয়ে নেয় ও মারধর করে। এ সময় তাঁদের আর্তচিৎকার শুনলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। ফেরিটি ঘাটে ভেড়ামাত্র ছিনতাইকারীরা নেমে যায়। জাকির হোসেন তাৎক্ষণিকভাবে ঘটনাটি দৌলতদিয়া নৌফাঁড়ির পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে নজরুল বেপারীকে আটক করে থানায় আনলে জাকির হোসেন ছিনতাইকারী চক্রের অন্যতম একজন হিসেবে তাঁকে শনাক্ত করেন।নজরুল বেপারী নিজেকে নির্দোষ দাবি করে জানান, ফেরি ও ঘাট এলাকায় বড় ও ছোট দুটি দল জুয়া এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বড় গ্রুপে পাতলা জামালের নেতৃত্বে মাদারকাজী, মোটা জামাল, আবদুর রব, ইশাই, মোকবুল, হারান, রহিচ, আরশাদ, ইরশাদসহ আরও কয়েকজন এবং ছোট গ্রুপে মানিকের নেতৃত্বে আরশাদ, ইয়াসিন, হান্নান, জাহাঙ্গীর, ফরিদ, ইমরান, ফিরোজসহ বেশ কয়েকজন রয়েছে। এরা সবাই দৌলতদিয়া ঘাট এলাকার বাসিন্দা।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ঈদ সামনে রেখে ফেরি ও ঘাট এলাকায় জুয়াড়ি ও ছিনতাইকারী চক্র তৎপর হয়ে উঠেছে। পাশাপাশি পুলিশের তৎপরতাও বাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের শনাক্ত করে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।অনুসন্ধানে জানা যায়, ঘাট থেকে ছাড়ার পর জুয়াড়িরা ট্রলারে করে ফেরিতে উঠে বাতি জ্বালিয়ে তিন তাস নামে জুয়া খেলার আসর বসায়। অনেক লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ যাত্রীদের খেলায় বসায়। ফেরিঘাটে ভেড়ার আগ মুহূর্তে চক্রটি অস্ত্রের মুখে যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে ফের ট্রলারে করে পালিয়ে যায়।