ঘাট তলিয়ে যাওয়ায় ৩ কিলোমিটার যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় গত বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাটের র‌্যাম তলিয়ে গিয়ে সেটি বন্ধ হয়ে গেছে। এ ছাড়া গতকাল শনিবার ইঞ্জিনে ত্রুটির কারণে দুটি বড় ফেরি বিকল হয়ে পড়ায় দৌলতদিয়ায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।শনিবার বেলা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘাটে দেখা গেছে, ফেরিঘাট থেকে এক কিলোমিটার দীর্ঘ পেট্রলপাম্প পর্যন্ত দুই সারিতে যানবাহনের জট লেগে আছে। পেট্রলপাম্পের পর থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত কোথাও দুই সারি আবার কোথাও তিন সারির যানবাহনের জট লেগে আছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খন্দকার তানভীর হোসেন বলেন, পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার ১ ও ২ নম্বর ফেরিঘাটের পন্টুনের র‌্যামের মাথা তলিয়ে যায়। এতে করে ফেরিতে যানবাহন ওঠানামায় সমস্যা দেখা দেওয়ায় সকাল সাতটা থেকে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ১ নম্বর ও বেলা সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ৩ নম্বর ফেরিঘাটটি বন্ধ রেখে উঁচুস্থানে স্থানান্তর করা হয়। তবে শুক্রবার মধ্যরাত থেকে অতিমাত্রায় পানি বেড়ে যাওয়ায় এক নম্বর ফেরিঘাটের র‌্যাম সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় ওই ঘাটটি বন্ধ হয়ে পড়ে। বর্তমানে মাত্র দুটি ঘাট দিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা করছে। এদিকে গতকাল শনিবার সকাল ১০টার দিকে রো রো ফেরি শাহজালাল ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে শাহজালাল ফেরিটি মেরামত শেষে চালু করা হয়। একদিকে ঘাট বন্ধ অপরদিকে ফেরিস্বল্পতার কারণে দৌলতদিয়ায় তিন কিলোমিটার যানজট লেগে আছে। বর্তমানে ছয়টি রো রো ও একটি কে-টাইপ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অথচ এই পথে সব সময় ১০টি রো রো ফেরি চলাচলের কথা। বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম বলেন, পদ্মার পানি বৃদ্ধি ও পাটুরিয়ার তিন নম্বর ফেরিঘাটের পন্টুনটি ছিদ্র হওয়ায় শুক্রবার ভোররাত সাড়ে তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত মেরামতের জন্য বন্ধ রাখা হয়। এতে যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি হয়। গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর অববাহিকার গোয়ালন্দ এলাকায় ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।