ঘাট নির্মাণে গিয়ে নদী ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বাজারসংলগ্ন তিতাস নদের জমি বালু ফেলে ভরাট করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি  প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বাজারসংলগ্ন তিতাস নদের জমি বালু ফেলে ভরাট করা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সফিকুল ইসলাম নামের এক ঠিকাদারের বিরুদ্ধে বালু ভরাট করে তিতাস নদের পাড়ের খাসজমি দখলের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উজানচর বাজারসংলগ্ন তিতাস নদের কয়েক বিঘা জমি তিনি দখল করেছেন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল কার্যালয় (এলজিইডি) ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার উজানচর বাজারের ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পণ্য ওঠানো-নামানোর জন্য গত ২৬ অক্টোবর থেকে নদীর সঙ্গে আড়াআড়িভাবে ৯০ মিটারের একটি রাস্তা ও পাকা ঘাট নির্মাণের কাজ শুরু হয়। ১৪ লাখ টাকার এ কাজটি করছে স্থানীয় শফিকুল ইসলামের মেসার্স শাহিন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু শফিকুল ইসলাম নির্ধারিত কাজের পাশাপাশি উজানচর মৌজার ৪৬২ দাগের সরকারি খাস জায়গা ও নদ দখল করে অবৈধভাবে বালু ভরাট করেছেন। এ ঘটনায় এলাকাবাসী ইউনিয়ন ভূমি কার্যালয়ে গত ২৭ ডিসেম্বর অভিযোগ করেন। ২৯ ডিসেম্বর উপসহকারী ভূমি কর্মকর্তা কমল রঞ্জন দাস এ বিষয়ে উপজেলা ভূমি কর্মকর্তার কাছে একটি প্রতিবেদন দেন।
৩১ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউছার হোসেন ও উপজেলা প্রকৌশলী এ বি এম খোরশেদ আলমও রাস্তাসহ ওই এলাকা পরিদর্শন করেন। এ সময় ইউএনও বলেন, ‘নদী ভরাট করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভরাট করা বালু জব্দ করা হবে।’
৩১ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, বাজারের দক্ষিণ পাশের ৯০ মিটার দীর্ঘ রাস্তার নির্মাণকাজ করছে ঠিকাদারের নিয়োগ করা ২০ থেকে ২৫ জন শ্রমিক। আর রাস্তার পূর্ব পাশে তিতাস নদের পাড়ে মন্দিরের জায়গার পর কয়েক বিঘাজুড়ে শ্যালো ইঞ্জিন দিয়ে চলছে বালু ভরাটের কাজ।
উজানচর বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন বলেন, ‘কয়েক দিন যাবৎ নদীর জায়গা ভরাট করছেন ঠিকাদারের লোকজন। দুদিন আগে আমিন গিয়া জায়গা মাইপা নদী ভরাটের বিষয়টা নিশ্চিত করার পরও বালু ভরাট করতাছেন ঠিকাদার।’
তবে ঠিকাদার শফিকুল নদী ভরাটের অভিযোগ স্বীকার করে বলেন, ‘রাস্তাটা টেকানোর জন্য নদীর জায়গা ভরাট করছি। তা ছাড়া রাস্তার ব্লক বানাইতে হইলেও তো জায়গা লাগব। সব কাজ মিলাইয়া জায়গাটা ভরাট করন লাগছে।’
ভূমি কর্মকর্তা কমল রঞ্জন বলেন, ‘আমরা পরিদর্শনের পর দখলের বিষয়টি নিশ্চিত হয়েছি। ঠিকাদার প্রায় দুই থেকে তিন বিঘা জমি অবৈধভাবে ভরাট করেছেন। তাঁর কার্যাদেশে নদী ভরাটের কোনো কথা বলা নেই। এ বিষয়ে ব্যবস্থা নিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি।’
প্রকৌশলী খোরশেদ আলম বলেন, ‘রাস্তা নির্মাণের জন্য নদী ভরাটের কোনো প্রয়োজন নেই। কিন্তু ঠিকাদারের লোকজন যে নদী ভরাট করছে তা আমরা দেখেছি।’