বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে ভারতকে আরও বেশি করে বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার কলকাতার মিলনমেলা ময়দানে ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফারুক খান এই আহ্বান জানিয়ে বলেন, এ জন্য ভারতের শিল্পপতিদের বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগে এগিয়ে আসতে হবে।গতকাল বিকেলে ২৪তম শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মেলায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ২০ সদস্যের এক প্রতিনিধিদলও যোগ দেয়। এ ছাড়া উপস্থিত ছিলেন ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাতলুব আহমাদ এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ। মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ ও ভারতের বাণিজ্য বাড়াতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে এবং ব্যবসায়ীদের ভিসা-প্রক্রিয়া সহজ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু করণীয় থাকলে নিশ্চয়ই করব।’ এ প্রসঙ্গে তিনি একটি যৌথ কমিটি গড়ার প্রস্তাব দেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনসিসিআইয়ের সভাপতি সমীর কুমার ঘোষ। প্রসঙ্গত, এবারের মেলার ‘ফোকাস কান্ট্রি’ ভুটান। গতবার ছিল বাংলাদেশ। শিল্পমেলার আয়োজক বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) ও পশ্চিমবঙ্গ সরকার।