ঘাটতি নেই, তবু বিদ্যুৎ থাকে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে বিদ্যুতের ঘাটতি না থাকলেও প্রায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে শহরের বাসিন্দাদের। বিদ্যুতের এ রকম লুকোচুরি নিয়মে পরিণত হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, সঞ্চালন লাইনের ত্রুটির কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে দোহাজারি-বান্দরবানের ৩৩ কেভি ক্ষমতার সঞ্চালন লাইনের পরিবর্তে ১৩২ কেভি ক্ষমতার জাতীয় গ্রিড লাইন স্থাপন করা প্রয়োজন বলে তাঁরা মন্তব্য করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের মে মাস থেকে শুরু হওয়া বিদ্যুৎবিভ্রাট নভেম্বর-ডিসেম্বরে কিছুটা কমেছিল। তবে নতুন বছরের জানুয়ারি মাস থেকে আবারও এ সমস্যা প্রকট আকারে দেখা দিয়েছে।

বান্দরবানের বিভিন্ন এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন অসংখ্যবার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। একবার বিদ্যুৎ চলে গেলে পাঁচ মিনিট থেকে কয়েক ঘণ্টা লাগছে আসতে। কোনো কোনো সময় ১০-১১ ঘণ্টাও বিদুৎবিহীন থাকতে হচ্ছে। ১২ জানুয়ারি রাত সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত টানা ১১ ঘণ্টা রোয়াংছড়ি, রুমা ও বান্দরবান সদর উপজেলায় বিদ্যুৎ ছিল না।

পিডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লোডশেডিংয়ের পাশাপাশি যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে যাওয়া, ট্রান্সফরমার ফেটে যাওয়া, ঝড়-বৃষ্টিসহ বিভিন্ন কারণে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়।

শহরের বাসিন্দাদের অভিযোগ, অনেক সময় একটানা দীর্ঘক্ষণ বিদ্যুৎ থাকে না। গত বছরের ৫ মে জেলা শহরে টানা প্রায় ৫০ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। মূলত গত বছরের জুনের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুৎবিভ্রাটের শুরু। জুলাই-আগস্টের কোনো কোনো দিন টানা ১০-১২ ঘণ্টাও বিদ্যুৎ ছিল না। এ বছরের শুরুতে আবারও বিদ্যুৎবিভ্রাট বেড়েছে।

প্রকৌশলীরা বলেছেন, ৪০ বছর আগে স্থাপিত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ত্রুটিপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়া পাহাড় ঘেঁষে যাওয়া ৩৩ কেভির ফিডার সঞ্চালন লাইন (উপজেলা সংযোগ লাইন) প্রায়ই গাছের ডালপালার আঘাতে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৩২ কেভি ক্ষমতার উঁচু গ্রিড লাইন স্থাপন করা হলে সেটি বিকল হওয়ার আশঙ্কা থাকবে না।

পিডিবির সহকারী প্রকৌশলী আশুতোষ বড়ুয়া বলেন, সঞ্চালন লাইনে মাঝেমাঝে ত্রুটি দেখা দেয়। তবে লাইন সব সময় ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করা হয়। এ জন্য গাছের ডাল কেটে সঞ্চালন লাইনকে নিরাপদ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হলে আর সমস্যা থাকবে না।