টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত শনিবার চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করা হয়েছে। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হয়। পরে তদন্তসাপেক্ষে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, শনিবার দুপুরের দিকে ঘাটাইল পৌরসভার বানিয়াপাড়া এলাকার মফিজ উদ্দিন (২৮) গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। প্রতিবেশীরা দুপুর ১২টার দিকে তাঁকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনোয়ার হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন। মফিজের ভাই হোসেন আলী জানান, চিকিৎসকেরা মৃত ঘোষণা করায় তাঁরা মফিজকে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেন। তিনি দাবি করেন, বিকেল সাড়ে তিনটার দিকে মফিজের শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করে ওঠে। সঙ্গে সঙ্গে তাঁকে আবারও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের ভিতরে যেতে বাধা দেন। তিনি অভিযোগ করেন, ঘাটাইলে চিকিৎসকদের অবহেলায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।এদিকে মফিজের মৃত্যুর খবরে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা লাঠিমিছিল নিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানালার কাচ ও জরুরি বিভাগের টেবিল-চেয়ার ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে পুলিশের বাধা পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বেরিয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। একপর্যায়ে তারা আবারও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করতে থাকে। রাত ১০টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন আবদুল বাছিত ঘাটাইলে পৌর মেয়রের কক্ষে স্থানীয় লোকজনকে নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন। তিনি তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবদুল বাছিত গতকাল রোববার জানান, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সময় ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, ‘দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির শরীরে ২৪ ঘণ্টা পর্যন্ত মাংসপেশির নড়াচড়া হতে পারে। সাধারণ মানুষ এ পরিস্থিতিতে কোনো মৃত ব্যক্তিকে জীবিত বলে ভুল করতে পারে।’