ঘাটাইলে অপহূত স্কুলছাত্রী উদ্ধার হয়নি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৈথট্ট গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী অপহরণের ১১ দিন পরও উদ্ধার হয়নি। মামলা পরও অপহরণকারীরা উল্টো ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছে।ওই ছাত্রীর বাবা জানান, পাশের বাড়ির বখাটে জুয়েল খন্দকার (২৪) প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। এ ব্যাপারে তিনি একাধিকবার জুয়েলের মা সুরুৎজানের কাছে বিচার দিয়েছেন। তিনবার সালিসও হয়েছে।জানা গেছে, ২ ডিসেম্বর সে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। জুয়েল চার-পাঁচজন সঙ্গী নিয়ে জোর করে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। তখন ওই ছাত্রীর এক সহপাঠী তাকে রক্ষার চেষ্টা করলে জুয়েলের সহযোগীরা অস্ত্রের ভয় দেখায়। অপহরণকারীরা তাকে পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে ওই সহপাঠী জানায়।অপহূত ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, থানায় অপহরণের মামলার পর জুয়েলের মা সুরুৎজান তাঁকে উল্টো ভয়-ভীতি দেখাচ্ছেন। সাাক্ষীদেরও ভয় দেখাচ্ছেন, যাতে তাঁরা সাক্ষ্য না দেন। তিনি আক্ষেপ করে বলেন, ‘মেয়েটিকে আমার ভালো ঘরে বিয়ে দিতে পারতাম। আমার সব শেষ হয়ে গেল।’মামলার তদন্তকারী কর্মকর্তা ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বাহালুল খান বলেন, ‘মেয়েটিকে উদ্ধারে সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। আশা করি, শিগগিরই তাকে উদ্ধার করতে পারব।’