ঘাটাইলে অস্ত্র-গুলি উদ্ধার, জঙ্গি ছিনতাইয়ে যোগসূত্রের সন্দেহ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারোবাজার থেকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে গুলি ও বোমা মেরে, পুলিশ খুন করে নিষিদ্ধঘোষিত জেএমবির তিন জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির বলেন, পরিত্যক্ত অবস্থায় ছয়টি পিস্তল, আটটি গুলি ও সুইচবোমা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনার যোগসূত্র থাকতে পারে। কারণ ঘটনার পর ছিনিয়ে নেওয়া এক আসামি মৃত্যুদণ্ডাদেশ পাওয়া হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে ঘটনার দিন বিকেলে টাঙ্গাইলের সখীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন। এ ছাড়া টাঙ্গাইলের সখীপুর থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত দুই জঙ্গি জাকারিয়া ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। গতকাল পৃথক দুটি মামলায় দুজনের ২০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ছিনতাইয়ে যুক্ত অন্য জঙ্গিরা এ অঞ্চলেই কোথাও লুকিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আত্মগোপনে যাওয়া জঙ্গিরা এগুলো অস্ত্র-গুলিগুলো ফেলে যেতে পারে।