ঘাটাইলে অ্যানথ্রাক্সে একজনের মৃত্যু, আক্রান্ত আরও ১২
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শহরগোপিনপুর গ্রামের তেতুলিয়া চালাপাড়ায় গত সোমবার দুপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে আবদুল জব্বার নামের এক ব্যক্তি নিজ বাড়িতে মারা গেছেন। এ ছাড়া নারী, শিশুসহ একই গ্রামের আরও অন্তত ১২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।আক্রান্ত ব্যক্তিরা হলেন: আবদুল হামিদ (৪০), মাসুদ (১৮), আমীর আলী (৩৫), কাজিম উদ্দিন (৪০), জামাল বাদশা (২০), ভানু বেগম (৫০), আনজিনা (১০), সুমন (১৪), ইতি (১০), পারভেজ (১৪), আজিজুল (৫) ও সাজ্জাদ (৭)।গ্রামবাসী সূত্রে জানা গেছে, ১০ আগস্ট গ্রামের তেতুলিয়া চালায় ৩০ হাজার টাকা দাম নির্ধারণ করে একটি অসুস্থ ষাঁড় জবাই করা হয়। ওই ষাঁড়ের মাংস কেটে ও খেয়ে অন্তত ১৩ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সোমবার জব্বারের মৃত্যু হয়।একই দিন হাতে ও পায়ে ক্ষত নিয়ে আবদুল হামিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী বলে শনাক্ত করেন। গতকাল মঙ্গলবার অন্যরা একই হাসপাতালে গেলে তাঁদেরও অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে শনাক্ত করা হয়।গতকালই সাত সদস্যের একটি চিকিৎসক দল শহরগোপিনপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শন শেষে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আবু হানিফ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে, জব্বার অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েই মারা গেছেন। অন্য ১২ জনের আনথ্রাক্সে আক্রান্ত হওয়ার সত্যতাও নিশ্চিত করেছেন তিনি।