ঘাটাইলে আ. লীগ-সমর্থিত প্রার্থীর প্রতিদ্বন্দ্বীদের ভোট বর্জন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে ওই উপজেলায় বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন বর্জন করা প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানসহ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের লোকজন গতকাল (রোববার) রাতে উপজেলার পাহাড়িয়া এলাকার সন্ধানপুর, ধলাপাড়া, রসুলপুর, দেওপাড়া ইউনিয়নের ৩৫টি কেন্দ্র দখল করে নেয়। আজ সকাল সাড়ে আটটার মধ্যে তাঁরা আরও ৬৪টি কেন্দ্র দখল করে অন্যান্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারে। এ অভিযোগে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ও বিএনপি-আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ১০ জন প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কেন্দ্র দখলের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘাটাইল উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা হলেন চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী কানিজ ফাতেমা।
নির্বাচন বর্জনকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী আ খ ম রেজাউল করিম, বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুর রশিদ মিয়া, আব্দুল হালিম (জাপা), আনছার আলী (ইসলামী আন্দোলন)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান খান, বিএনপি-সমর্থিত প্রার্থী আবু বকর সিদ্দিকী, জাতীয় পার্টি-সমর্থিত আরিফুর রহমান খান আইয়ুব, জামায়াত-সমর্থিত হোসনী মোবারক বাবুল।
ভাইস চেয়ারম্যান (নারী) প্রার্থীরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী লাকী চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী নুরজাহান সিদ্দিকা।
ঘাটাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮০ হাজার ৭৭৯ । পুরুষ ভোটার এক লাখ ৩৬ হাজার ৯৪৮ এবং মহিলা ভোটার এক লাখ ৪৩ হাজার ৮৪১ জন। উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯টি।