ঘাটাইলে আহমদিয়া জামাতের দুই সদস্য হামলার শিকার
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গ্রামে গত সোমবার বিকেলে আহমদিয়া জামাতের দুজন সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ঘাটাইল থানায় মামলা হয়েছে।এদিকে আহমদিয়া জামাতের প্রেস সচিব আহমদ তাসির চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সোমবারের হামলায় তাঁদের কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।জানা গেছে, চানতারা গ্রামে সোমবার বিকেলে একদল লোক আহমদিয়া জামাতের সদস্য হোসনা বানু (৫০) ও তাঁর স্বামী ছামছুল হককে (৬০) মারধর করে। এতে হোসনা বানু গুরুতর আহত হন। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুর রহমান প্রথম আলোকে জানান, হামলার ঘটনায় আহত হোসনা বানুর ছেলে মোহাম্মদ হোসেন আলী বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গতকাল ঘাটাইল থানায় মামলা করেছেন।এ নিয়ে গত জুন থেকে চানতারা গ্রামে আহমদিয়া জামাতের সদস্যদের ওপর কমপক্ষে তিনটি হামলার ঘটনা ঘটল। এসব হামলায় ২২টি বাড়ি সম্পূর্ণ ভাঙচুর করা হয় এবং ১৫ জন আহত হন।