ঘাটাইলে উপজেলার সভা বর্জন ইউপি চেয়ারম্যানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলামকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তাঁর অপসারণ চেয়ে উপজেলা পরিষদের মাসিক সভা বর্জন করেছেন উপজেলার ১১ জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। গতকাল রোববার দুপুরে সভা বর্জন করে তাঁরা ওসির বিরুদ্ধে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। ওসিকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে চেয়ারম্যানরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সভাপতিত্বে পরিষদের মাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ কামাল হোসেন, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজমল হোসেন, পৌরসভার মেয়র মঞ্জুরুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ইউপি চেয়ারম্যানরা বর্জন করায় উপজেলা চেয়ারম্যান সভা মুলতবি ঘোষণা করেন। লিখিত অভিযোগে চেয়ারম্যানরা উল্লেখ করেন, ওসি হেলালুল ইসলাম দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা। থানায় টাকা ছাড়া মামলা হয়েছে—এমন কোনো নজির নেই। এমনকি সাধারণ ডায়েরি (জিডি) করতেও টাকা নেন ওসি। ৪ জুলাই কোচবাড়ি কর্ণা গ্রামে সংঘটিত ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ওসিকে একাধিকবার কল করলেও ওসি তা ধরেননি। পরে জানা গেছে, এক লাখ টাকার বিনিময়ে তিনি বিবাদীদের এ হামলার সুযোগ করে দেন। এ ঘটনায় ওই দিন কোচবাড়ি কর্ণা গ্রামের মানুষ টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। সম্প্রতি ওসি হেলালুল ইসলাম দেউলাবাড়ি ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেনের কাছে উপজেলার ইটভাটাগুলো থেকে তিন হাজার করে টাকা চাঁদা হিসেবে তুলে দেওয়ার জন্য চাপ দেন। চেয়ারম্যান সোহরাব হোসেন ভাটার মালিক হওয়ায় ওসি তাঁর কাছে এই অবৈধ সুযোগের জন্য চাপাচাপি করেন। পরে চেয়ারম্যান চাঁদা তুলে দিতে অস্বীকৃতি জানালে ওসি তাঁকে ‘ব্যর্থ চেয়ারম্যান’ হিসেবে আখ্যায়িত করেন। অভিযোগ থেকে আরও জানা যায়, ওসি উপজেলার ৫৩টি মাদকদ্রব্যের আখড়া থেকে নিয়মিত চাঁদা তোলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, ‘চেয়ারম্যানদের লিখিত অভিযোগ পেয়েছি। জরুরি সভা ডেকে অভিযোগপত্রটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠানো হবে।’ ওসি হেলালুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার বিভিন্ন কর্মকাণ্ডকে ভুল ব্যাখ্যা করে এই অভিযোগ আনা হয়েছে। দেউলাবাড়িতে একটি পুলিশ বক্স করার জন্য চেয়ারম্যানের কাছে টাকার অনুরোধ করা হয়েছিল। কোনোক্রমেই তা চাঁদা নয়।’ অন্য অভিযোগও ওসি অস্বীকার করেন।